ক্রিস্টিয়ানো রোনালদো এবং গুইলের্মো ওচোয়ার সঙ্গে রেকর্ড সংখ্যক সবচেয়ে বেশি ষষ্ঠ বিশ্বকাপ খেলতে এসে নিজেকে অনন্য মাত্রায় নিয়ে গেলেন লিওনেল মেসি। একই ম্যাচে গড়েছেন রেকর্ড, করেছেন হ্যাটট্রিক, জিতিয়েছেন দলকে। বিশ্বকাপে এখন ভাগে সর্বোচ্চ গোলদাতাও তিনি, সবচেয়ে বেশি বয়সী হ্যাটট্রিক করা খেলোয়াড়ও মেসি। তার দুর্দান্ত পরফম্যান্সে আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
ম্যাচের পাঁচ মিনিটেই লৌতারো মার্টিনেজের বাড়ানো বল জালে জড়ান মেসি। তবে এগিয়ে যাওয়া হয়নি আর্জেন্টিনার, অফ সাইডের ফাঁদের বাতিল হয় গোল। একই রূপ দেখে আলজেরিয়াও, আট মিনিটে ফারেস শাইবি এমিলিয়ানো মার্টিনেজের পাশ দিয়ে বল পাঠান জালে, এবারও অফ সাইডে বাদ হয় সে গোল। তবে গোলের জন্য বেশি সময় অপেক্ষা করতে হয়নি।
ম্যাচের ১৭তম মিনিটে রদ্রিগো ডে পলের পাস, ডি বক্সের বাইরে থেকে প্রতিপক্ষের দুজন ডিফেন্ডারের মাঝে দিয়ে বল ভাসিয়ে জালে পাঠান মেসি। এরমধ্যে দিয়ে বিশ্বকাপে নিজের শেষ পাঁচটি ম্যাচে ৮টি গোলে অবদান রেখেছেন বিশ্বকাপজয়ী অধিনায়ক। যার মধ্যে রয়েছে ৬টি গোল এবং ২টি অ্যাসিস্ট। অর্ধের শেষদিকে বেশ কয়েকবার আক্রমণ চালায় আর্জেন্টিনা, তবে সুবিধা করতে পারেনি। ১-০তে এগিয়ে বিরতিতে যায়।
সার্বিয়ার বিপক্ষে ২০০৬ সালে জার্মানি বিশ্বকাপে প্রথম গোল করেছিলেন মেসি, সেসময় তার বয়স ছিল ২০ বছর ১১ মাস ২৩ দিন। হয়েছিলেন বিশ্বকাপে আর্জেন্টাইনদের সবচেয়ে কম বয়সী গোলদাতা। ৩৮ বছর ১১ মাস ২৩ দিন বয়সে আলজেরিয়ার বিপক্ষে গোল করে সবচেয়ে বেশি বয়সী আর্জেন্টাইন গোলদাতাও এখন তিনি।
দ্বিতীয়ার্ধে ফিরেই আলজেরিয়ার উপর চড়া হয় আর্জেন্টাইন আক্রমণভাগ। তবে এবারও মেসিকে আটকাতে পারেনি প্রতিপক্ষের ডিফেন্ডাররা। তিনি ছুটছেন আপন ছন্দে। ম্যাচের ৬০ মিনিটে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার শট ঠেকিয়ে দেন ফ্রান্স কিংবদন্তি জিনেদিন জিদানের ছেলে আলজেরিয়ার গোলরক্ষক লুকা জিদান। সে বল ফিরে মেসির পায় গেলে দ্বিতীয় গোল করেন তিনি। ম্যাচের ৭৬তম মিনিটে ক্রিস্টিয়ান রোমেরোর পাসে বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক করেন লিওনেল মেসি।
ম্যাচের ৮০ তম মিনিটে নিকো পাজের বদলি হয়ে মাঠ ছাড়েন মেসি। আর্জেন্টাইনদের হয়ে বিশ্বকাপে সবচেয়ে কম এবং বেশি বয়সী গোলদাতা হয়ে বেঞ্চে যাওয়ার আগে মেসি গড়েন আরও দুটি রেকর্ড।
মেসি তৃতীয় গোলে ভাগ বসান মিরস্লাভ ক্লোসার সঙ্গে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের তালিকায়। বিশ্বকাপে ১৩ গোল নিয়ে খেলতে আসা মেসির গোলসংখ্যা এখন ১৬। জার্মানির ক্লোসার সঙ্গে তিনি এখন শীর্ষে। এবং ১৫ গোলে ব্রাজিলের রোনাল্ডো নাজারিও আছেন দুইয়ে। গত রাতে জোড়া গোল করে জার্ড মুলারের সঙ্গে ১৪ গোল করে তৃতীয় স্থানে জায়গা করে নেন কাইলিয়ান এমবাপে।
এছাড়াও মেসির এ হ্যাটট্রিকে ফুটবল বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি বয়সে হ্যাটট্রিক করার রেকর্ড এখন আর্জেন্টাইন অধিনায়কের। এরআগে রেকর্ডটি ছিল পর্তুগালের মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদোর। ২০১৮ সালের বিশ্বকাপে স্পেনের বিপক্ষে ৩-৩ গোলে ড্র হওয়া ম্যাচে রোনালদো হ্যাটট্রিক করেন, তখন তার বয়স ছিল ৩৩ বছর ১৩০ দিন। সেটিও ছিল ঠিক ৮ বছর আগে জুনের ১৬ তারিখ।
ম্যাচে অবশ্য শেষে এসে আলজেরিয়াকে চাপে রাখলেও গোলের দেখা পায়নি বিশ্ব চ্যাম্পিয়নরা। ৩-০ গোলের জয় নিয়ে শিরোপা ধরে রাখার মিশন শুরু করল আলবিসেলেস্তেবাহিনী।





