কৌশলগত কারণে পাকিস্তানের বিপক্ষে টেস্ট দলে নেই মুরাদ | চ্যানেল আই অনলাইন

কৌশলগত কারণে পাকিস্তানের বিপক্ষে টেস্ট দলে নেই মুরাদ | চ্যানেল আই অনলাইন

চট্টগ্রাম থেকে: আয়ারল্যান্ডের বিপক্ষে গতবছর নভেম্বরে টেস্টে অভিষেক হয়েছে হাসান মুরাদের। বাঁহাতি অর্থোডক্স স্পিনার দুম্যাচের সিরিজে ১২ উইকেট নেন। বল হাতে ভালো পারফরম্যান্স করেও পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের দল থেকে বাদ পড়েছেন। তাকে বাইরে রেখে অফস্পিনার নাঈম হাসানকে নেয়া হয়েছে। জাতীয় দলের প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন জানালেন, কৌশলগত কারণে এমন সিদ্ধান্ত।

সোমবার চট্টগ্রামে ডাচ-বাংলা ব্যাংক বাংলাদেশ-নিউজিল্যান্ড টি-টুয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ চলাকালীন সংবাদ সম্মেলনে আসেন প্রধান নির্বাচক হাবিবুল বাশার। তার সাথে ছিলেন সহ-নির্বাচক নাঈম ইসলাম। আসন্ন পাকিস্তান সিরিজের জন্য ঘোষিত দল নিয়ে কথা বলেন তারা।

মুরাদের বাদ পড়া প্রসঙ্গে বাশার বলেন, ‘অবশ্যই কৌশলগত কারণ। পারফরম্যান্সে কোন ঘাটতি ছিল না। অবশ্যই হাসান মুরাদ গত সিরিজে খুব ভালো বোলিং করেছিল। কিন্তু পাকিস্তান দলের দিকে তাকিয়ে দেখেছি, বাঁহাতি ব্যাটারদের আধিক্য বেশি টপঅর্ডারে। তাই আমরা ভেবেছি মুরাদের থেকে নাঈম হাসান, সেও ভালো ফর্মে আছে। সে যখন বাদ পড়েছিল, ফর্মের কারণে বাদ পড়েনি। কৌশলগত সিদ্ধান্তের জন্য বাদ পড়েছিল। এখনও কৌশলগত সিদ্ধান্তে দলে এসেছে।’

১৪ টেস্টের ক্যারিয়ারে নাঈম হাসান ২৮.৫৬ গড়ে ৩.০৯ ইকোনমিতে নিয়েছেন ২৮ উইকেট। গতবছর জুনে শ্রীলঙ্কার বিপক্ষে কলম্বোতে লাল বলের ক্রিকেটে সবশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন।

Scroll to Top