এশীয় জলসীমা থেকে ইরানের ৩টি তেলবাহী জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র – DesheBideshe

এশীয় জলসীমা থেকে ইরানের ৩টি তেলবাহী জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র – DesheBideshe


এশীয় জলসীমা থেকে ইরানের ৩টি তেলবাহী জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র – DesheBideshe

তেহরান, ২৩ এপ্রিল – এশিয়ার বিভিন্ন দেশের জলসীমা থেকে ইরানের অন্তত তিনটি তেলবাহী জাহাজ জব্দ করেছে মার্কিন সামরিক বাহিনী।

শিপিং ও নিরাপত্তা সূত্রের তথ্য অনুযায়ী, ভারত, মালয়েশিয়া ও শ্রীলঙ্কার উপকূলের কাছ থেকে এই ট্যাংকারগুলো জব্দ করে সেগুলোর গন্তব্য পরিবর্তন করা হয়েছে। সমুদ্রপথে তেহরানের বাণিজ্যের ওপর ওয়াশিংটনের নতুন অবরোধ আরোপের প্রেক্ষিতে এই পদক্ষেপ নিল যুক্তরাষ্ট্র।

এর আগে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল ব্যাহত করতে ইরানের পক্ষ থেকে গুলিবর্ষণের ঘটনা ঘটেছিল। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে ইরানের উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে নতুন করে শান্তি আলোচনার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না।

বর্তমানে হরমুজ প্রণালি কেন্দ্রিক অস্থিরতায় বিশ্বের মোট জ্বালানি সরবরাহের এক-পঞ্চমাংশ বাধাগ্রস্ত হচ্ছে, যা বিশ্বজুড়ে সংকট সৃষ্টি করেছে।

মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, জব্দ করা তিন ট্যাংকারের মধ্যে ‘ডিপ সি’ নামের একটি সুপারট্যাংকার রয়েছে যা মালয়েশিয়া উপকূল থেকে নিখোঁজ হয়েছিল। এ ছাড়া ‘সেভিন’ ও ‘ডোরেনা’ নামের অপর দুটি জাহাজও বর্তমানে মার্কিন পাহারায় রয়েছে। ডোরেনা নামক জাহাজটি ২০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল নিয়ে ভারত উপকূলের কাছাকাছি অবস্থান করছিল।

সেন্টকমের দাবি অনুযায়ী, অবরোধ শুরু হওয়ার পর থেকে তারা এ পর্যন্ত অন্তত ২৯টি জাহাজকে বন্দরে ফিরে যেতে বাধ্য করেছে। সমুদ্রপথে ইরানের সামরিক তৎপরতা মোকাবিলায় মার্কিন বাহিনী এখন উন্মুক্ত সাগরে বিশেষ নজরদারি চালাচ্ছে।

অন্য দিকে ইরান জানিয়েছে যে তারা গতকাল বুধবার হরমুজ প্রণালি দিয়ে যাওয়ার সময় দুটি কন্টেইনার জাহাজ জব্দ করেছে।

এনএন/ ২৩ এপ্রিল ২০২৬



Scroll to Top