অব্যবহৃত মোবাইল ডেটার মেয়াদ নির্ধারণ ও ব্যবহারকারীদের স্বার্থ সুরক্ষায় সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

মঙ্গলবার (২১ এপ্রিল) জাতীয় সংসদে বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য মো. আব্দুল আলীমের এক প্রশ্নের জবাবে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রীর পক্ষে তিনি এ কথা জানান।
তিনি বলেন, দেশে প্রায় ১১ কোটি ৩৫ লাখ মোবাইল ইন্টারনেট ব্যবহারকারী রয়েছেন। তাদের ব্যবহারের ধরন ও চাহিদা ভিন্ন হওয়ায় সে অনুযায়ী অপারেটররা বিভিন্ন প্যাকেজ তৈরি করে থাকে। তবে মেয়াদ শেষে অব্যবহৃত ডেটা বাতিল হয়ে যাওয়ার বিষয়টি সরকারের নজরে এসেছে এবং এ বিষয়ে সমাধানে কাজ চলছে।
মন্ত্রী আরও বলেন, মোবাইল ইন্টারনেট সেবা মূলত উচ্চ ব্যয় ও নেটওয়ার্ক ব্যবস্থাপনার কারণে মেয়াদভিত্তিক প্যাকেজ আকারে দেওয়া হয়। এতে গ্রাহক তার প্রয়োজন অনুযায়ী সেবা নিতে পারেন।
তিনি জানান, অনেক ক্ষেত্রে ডেটা ক্যারি ফরওয়ার্ড ও দীর্ঘমেয়াদি প্যাকেজের সুবিধা রয়েছে, যা ব্যবহারকারীদের ক্ষতি কমায়। বিটিআরসি ইতোমধ্যে বিভিন্ন নির্দেশনার মাধ্যমে গ্রাহক সুরক্ষা ও সেবার মানোন্নয়নে কাজ করছে বলেও তিনি উল্লেখ করেন।
আরও পড়ুনঃ
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মোবাইল ইন্টারনেট সেবার মানোন্নয়ন ও ফাইভজি বিস্তারের উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমানে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় সীমিত পরিসরে ফাইভজি সেবা চালু রয়েছে।



