
ঢাকা, ২১ এপ্রিল – জাতীয় সংসদ সচিবালয়ের ক্যামেরা, ব্যাগ ও কার্ড রিডারসহ বিভিন্ন সামগ্রী কেনাকাটায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তদন্তে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। স্পিকারের নির্দেশে গঠিত এই কমিটিকে আগামী সাত কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
মঙ্গলবার সংসদ সচিবালয়ের মানবসম্পদ শাখা থেকে সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়।
লক্ষ্মীপুর ৪ আসনের সংসদ সদস্য ও হুইপ এ বি এম আশরাফ উদ্দিন নিজামকে এই তদন্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন ময়মনসিংহ ৮ আসনের সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদ, ঢাকা ১২ আসনের মো. সাইফুল আলম, চট্টগ্রাম ৭ আসনের হুমাম কাদের চৌধুরী এবং কুমিল্লা ৪ আসনের মো. আবুল হাসনাত।
অফিস আদেশে উল্লেখ করা হয় যে গত ১৯ এপ্রিল বিভিন্ন সংবাদমাধ্যমে সংসদের কেনাকাটায় অনিয়ম সংক্রান্ত খবর প্রকাশিত হয়।
প্রতিবেদনে বাজারমূল্যের চেয়ে কয়েক গুণ বেশি দামে ইলেকট্রনিক সরঞ্জাম কেনাকাটার অভিযোগ ওঠে। বিষয়টি স্পিকারের দৃষ্টিগোচর হলে তিনি তদন্তের জন্য এই কমিটি গঠনের নির্দেশ দেন।
কমিটি কেনাকাটার প্রতিটি ধাপ যাচাই করে অনিয়মের সত্যতা খতিয়ে দেখবে। সম্প্রতি সংসদ সচিবালয়ের কেনাকাটায় অস্বাভাবিক খরচ দেখিয়ে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগ ওঠে যা নিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।
এনএন/ ২১ এপ্রিল ২০২৬






