২০ দিনে ২২১ কোটি ডলার রেমিট্যান্স পাঠালেন প্রবাসীরা – DesheBideshe

২০ দিনে ২২১ কোটি ডলার রেমিট্যান্স পাঠালেন প্রবাসীরা – DesheBideshe


২০ দিনে ২২১ কোটি ডলার রেমিট্যান্স পাঠালেন প্রবাসীরা – DesheBideshe

ঢাকা, ২১ এপ্রিল – চলতি এপ্রিল মাসের প্রথম ২০ দিনে দেশে ২২১ কোটি ৭০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ২৭ হাজার ৪৭ কোটি ৪০ লাখ টাকা। প্রতি ডলার ১২২ টাকা হিসেবে এই হিসাব নিরূপণ করা হয়েছে।

মঙ্গলবার ২১ এপ্রিল বিকেলে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এই তথ্য নিশ্চিত করেছেন।

ব্যাংকটির দেওয়া তথ্য অনুসারে শুধু গত সোমবার একদিনেই দেশে এক হাজার ৯৮ কোটি টাকার সমপরিমাণ প্রবাসী আয় এসেছে। গত বছরের এপ্রিল মাসের প্রথম ২০ দিনে রেমিট্যান্স এসেছিল ১৮৮ কোটি ১০ লাখ ডলার। সেই হিসাবে গত বছরের একই সময়ের তুলনায় চলতি বছরে প্রবাসী আয়ের প্রবৃদ্ধি হয়েছে ১৭ দশমিক ৯০ শতাংশ।

অন্যদিকে চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ২০ এপ্রিল পর্যন্ত সামগ্রিক চিত্র বিশ্লেষণ করলে দেখা যায় যে এ পর্যন্ত মোট দুই হাজার ৮৪২ কোটি ৬০ লাখ ডলারের রেমিট্যান্স দেশে এসেছে। গত অর্থবছরের একই সময়ে এই আয়ের পরিমাণ ছিল দুই হাজার ৩৬৬ কোটি ৬০ লাখ ডলার। অর্থাৎ গত অর্থবছরের তুলনায় এ বছর এই খাতে ২০ দশমিক ১০ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে।

দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি এই প্রবাসী আয়ের ইতিবাচক ধারা বৈদেশিক মুদ্রার রিজার্ভে স্বস্তি ফেরাবে বলে আশা করা হচ্ছে।

এনএন/ ২১ এপ্রিল ২০২৬



Scroll to Top