বগুড়ায় তারেক রহমান: নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অঙ্গীকার – DesheBideshe

বগুড়ায় তারেক রহমান: নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অঙ্গীকার – DesheBideshe


বগুড়ায় তারেক রহমান: নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অঙ্গীকার – DesheBideshe

বগুড়া, ২০ এপ্রিল – প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের মানুষ তাদের পরিকল্পনা বাস্তবায়নের জন্য বিএনপিকে ম্যান্ডেট দিয়েছে। তিনি বলেন, জুলাই সনদের প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়নে বিএনপি অঙ্গীকারবদ্ধ।

সোমবার বিকেলে বগুড়া শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে জেলা বিএনপি আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে দেশের মানুষের বাকস্বাধীনতা ও ভোটাধিকার হরণ করা হয়েছিল। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরাচারের পতন ঘটে এবং দেশের মানুষ তাদের হারিয়ে যাওয়া অধিকার ফিরে পায়।

তিনি উল্লেখ করেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে জনগণ আগামী পাঁচ বছরের জন্য দেশ পরিচালনার দায়িত্ব বিএনপিকে দিয়েছে। সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী জানান, মায়েদের স্বাবলম্বী করতে ফ্যামিলি কার্ড এবং কৃষকদের জন্য কৃষক কার্ড চালুর প্রক্রিয়া শুরু হয়েছে। এছাড়া ইতোমধ্যে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফ করা হয়েছে, যার ফলে সারা দেশের প্রায় ১২ লাখ কৃষক উপকৃত হয়েছেন। ধর্মীয় প্রতিষ্ঠানের ইমাম ও মুয়াজ্জিনদের জন্য সম্মানী ভাতার ব্যবস্থাও সরকার নিশ্চিত করেছে বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, পানি নিষ্কাশন ও কৃষি ব্যবস্থার উন্নয়নে আগামী পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচি পুনরায় চালুর মাধ্যমে এই পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। এছাড়া স্বল্প ব্যয়ে বিদেশে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যেও সরকার কাজ করে যাচ্ছে বলে তিনি তার বক্তব্যে উল্লেখ করেন।

এনএন/ ২০ এপ্রিল ২০২৬



Scroll to Top