
ঢাকা, ১৬ এপ্রিল – রাজধানীর মোহাম্মদপুরের বেড়িবাঁধ এলাকায় পূর্ব শত্রুতার জেরে আসাদুল হক ওরফে লম্বু আসাদুল (২৮) নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
বুধবার দিবাগত রাত ১২টা ৫০ মিনিটের দিকে সাদেক খান ইটখোলা এলাকায় এই ঘটনা ঘটে। বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. জুয়েল রানা।
নিহত আসাদুলের বাড়ি বরিশাল জেলার গৌরনদী থানার কালনায়। তার বাবার নাম জলিল সর্দার। বর্তমানে তিনি মোহাম্মদপুরের মেট্রো হাউজিংয়ের বি-ব্লকের একটি বাসায় ভাড়া থাকতেন।
এডিসি জুয়েল রানা জানান, রাতে বেড়িবাঁধের তিনরাস্তা মোড় থেকে হাজারীবাগ যাওয়ার পথে সাদেক খানের ইটখোলা এলাকায় আসাদুলের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে পথচারীরা পুলিশে খবর দেন। নিহতের বুক ও পিঠে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। খবর পেয়ে মোহাম্মদপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
জানা গেছে, নিহতের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় মাদক ও ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাদক সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।
পুলিশের একটি সূত্র জানায়, এই হত্যাকাণ্ডে মুন্না, নয়ন ও মিরাজসহ আরও কয়েকজন জড়িত থাকতে পারেন।
উল্লেখ্য, গত ১২ এপ্রিল মোহাম্মদপুরের রায়েরবাজার বটতলা এলাকায় প্রকাশ্য দিবালোকে এলেক্স ইমনকে কুপিয়ে হত্যা করা হয়েছিল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও একই এলাকায় হত্যাকাণ্ডের ঘটনা ঘটল।
এনএন/ ১৬ এপ্রিল ২০২৬






