উত্তর আমেরিকায় আফরান নিশোর ‘দম’ সিনেমার জয়জয়কার, প্রেক্ষাগৃহ বেড়ে ৫৮ – DesheBideshe

উত্তর আমেরিকায় আফরান নিশোর ‘দম’ সিনেমার জয়জয়কার, প্রেক্ষাগৃহ বেড়ে ৫৮ – DesheBideshe


উত্তর আমেরিকায় আফরান নিশোর ‘দম’ সিনেমার জয়জয়কার, প্রেক্ষাগৃহ বেড়ে ৫৮ – DesheBideshe

ঢাকা, ১৬ এপ্রিল – ঈদুল ফিতর উপলক্ষে মুক্তি পাওয়া আফরান নিশো অভিনীত সিনেমা ‘দম’ যুক্তরাষ্ট্র ও কানাডার দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। প্রবাসী দর্শকদের প্রবল চাহিদার কারণে মুক্তির দ্বিতীয় সপ্তাহে উত্তর আমেরিকার ৫৮টি প্রেক্ষাগৃহে সিনেমাটি প্রদর্শিত হতে যাচ্ছে।

আগামী শুক্রবার অর্থাৎ ১৭ এপ্রিল থেকে নতুন এই শিডিউল কার্যকর হবে বলে জানা গেছে।

রেদওয়ান রনি পরিচালিত এই সিনেমাটি গত ১০ এপ্রিল যুক্তরাষ্ট্রে মুক্তি পায়। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন আফরান নিশো এবং চঞ্চল চৌধুরী ও পূজা চেরী।

মুক্তির মাত্র এক সপ্তাহ পার হতেই দর্শকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। এরই ধারাবাহিকতায় দ্বিতীয় সপ্তাহে সাতটি হল বাড়িয়ে মোট ৫৮টি প্রেক্ষাগৃহে সিনেমাটি প্রদর্শনের সিদ্ধান্ত নিয়েছেন উত্তর আমেরিকার পরিবেশকরা।

সিনেমাটির মুক্তি উপলক্ষে নির্মাতা রেদওয়ান রনি বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। প্রবাসী দর্শকদের ভালোবাসা দেখে তিনি উচ্ছ্বাস প্রকাশ করেছেন। গণমাধ্যমকে তিনি জানান যে সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এই সিনেমার মাধ্যমে বাংলাদেশিদের বিজয়ের গল্প ফুটিয়ে তোলা হয়েছে। অনেকদিন পর নির্মাণে ফিরে এমন সাড়া পাওয়ায় তিনি সন্তুষ্টি প্রকাশ করেন। তার মতে বিদেশের মাটিতে যে বিপুল সাড়া পাওয়া গেছে তাতে সিনেমাটি সফল হয়েছে বলে তিনি মনে করেন।

এসভিএফ আলফা-আই ও চরকি প্রযোজিত এই সিনেমার চিত্রনাট্য লিখেছেন সৈয়দ আহমেদ শাওকী, আল-আমিন হাসান নির্ঝর, মো. সাইফুল্লাহ রিয়াদ ও রবিউল আলম রবি।

এনএন/ ১৬ এপ্রিল ২০২৬



Scroll to Top