ক্রিকেটেই মনোযোগ সাকিবের, রাজনীতি করা নিয়ে যা বললেন | চ্যানেল আই অনলাইন

ক্রিকেটেই মনোযোগ সাকিবের, রাজনীতি করা নিয়ে যা বললেন | চ্যানেল আই অনলাইন

গত কয়েকদিন ধরে আলোচনার কেন্দ্রবিন্দুতে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। বিশেষ করে রাজনীতিতে তার আসা-না আসা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে গণমাধ্যমে একটি বক্তব্য ঘিরে নতুন করে আলোচনা সৃষ্টি করেছে। তবে নিজের অবস্থান পরিস্কার করে সাকিব জানিয়েছেন, তার বর্তমান ভাবনার পুরোটা জুড়েই রয়েছে কেবল ক্রিকেট।

সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে সাকিব আল হাসান বলেন, ‘সম্প্রতি গণমাধ্যমে আমার একটি বক্তব্য বেশ আলোচনা তৈরি করেছে। আমি সবার কাছে বিষয়টি খুব স্পষ্টভাবে তুলে ধরতে চাই। এই মুহূর্তে আমার পুরো মনোযোগ শুধুই ক্রিকেটে।’

ক্যারিয়ারের সায়াহ্নে এসে জাতীয় দলে ফেরার ভাবনা টাইগার অলরাউন্ডারের। জানালেন, দেশের হয়ে মাঠের পারফরম্যান্সে স্মরণীয় কিছু অবদান রেখে যেতে চান। লাল-সবুজের জার্সিতে হাসি মুখে বিদায় নেওয়াটাই এখন তার মূল লক্ষ্য।

বলেছেনন, ‘ক্যারিয়ারের এই শেষ পর্যায়ে এসে আমি বাংলাদেশ জাতীয় দলের হয়ে সর্বোচ্চ উজাড় করে খেলতে চাই এবং সুযোগ পেলে দেশকে কিছু দারুণ পারফরম্যান্স উপহার দিতে চাই।’

রাজনীতির কথা উল্লেখ ভবিষ্যতে দেশের সেবায় নিজেকে নিয়োজিত করার কথাও জানিয়েছেন সাবেক সংসদ সদস্য সাকিব। বলেছেন, ‘একটি দেশের উন্নয়নের জন্য রাজনীতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানার পর, আমি আমার দেশের উন্নয়নে অবদান রাখতে চাই। তবে সেটা যে শুধু রাজনীতির মাধ্যমেই করতে হবে, তা নয়। রাজনীতি ছাড়াও দেশের জন্য কাজ করা সম্ভব। তবে হ্যাঁ, রাজনীতির মাধ্যমে কাজগুলো করা হয়তো অনেক বেশি সহজ হয়।’

নিজের বিদায়ী সময়গুলো রাঙাতে এবং দেশের জন্য অবদান রাখতে দেশবাসীর কাছে দোয়া ও ভালোবাসা চেয়েছেন রেকর্ড গড়া এই ক্রিকেটার। বলেছেন, ‘আমি আশা করি লাল-সবুজের জার্সি গায়ে মুখে হাসি নিয়ে আমি আমার ক্রিকেট ক্যারিয়ার শেষ করতে পারব। এই লক্ষ্যে আমি বাংলাদেশের সকল মানুষের কাছে দোয়া ও ভালোবাসা প্রার্থী।’

এর আগে এক সাক্ষাৎকারে সাকিব জানিয়েছিলেন, রাজনীতিতে ফেরার কথা। বলেছিলেন, ‘যেহেতু আমাদের দলের (আওয়ামী লীগ) কার্যক্রম নাই সেহেতু চেষ্টা করছি ক্রিকেটটা খেলে যাওয়ার। দলের যখন কার্যক্রম যখন শুরু হবে বা আমরা করতে পারবো তখন হয়তো আবার চেষ্টা করবো রাজনীতিটা করার।’

রাজনীতি ও ক্রিকেট প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘রাজনীতি তো ধরেন আমৃত্যু করা যায়, রাজনীতিতে অনেক সময় আছে। যেটার সময় নেই সেটা হলো ক্রিকেট। এটা আগে ঠিক করার চেষ্টা করছি। আর রাজনীতি যেটা বলছেন, আমি মনে করি রাজনীতি একটি বড় প্ল্যাটফর্ম যেখান থেকে বড় ধরণের পরিবর্তন আনা সম্ভব। যদি আমি মানুষের জন্য কিছু করতে পারি, তবে সেটা আমার ভালো লাগবে এবং সেই আশা আমার এখনো আছে। সব সময় থাকবে।’

Scroll to Top