ইরানের সঙ্গে যুদ্ধে যুক্তরাষ্ট্রের বিজয় হয়েছে, দাবি ট্রাম্পের – DesheBideshe

ইরানের সঙ্গে যুদ্ধে যুক্তরাষ্ট্রের বিজয় হয়েছে, দাবি ট্রাম্পের – DesheBideshe

ইরানের সঙ্গে যুদ্ধে যুক্তরাষ্ট্রের বিজয় হয়েছে, দাবি ট্রাম্পের – DesheBideshe

ওয়াশিংটন, ২৫ মার্চ – ইরানের সঙ্গে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্র ইতোমধ্যে জয়লাভ করেছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি এত দ্রুত বিজয় আসায় মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ কিছুটা হতাশ হয়েছেন বলেও তিনি মন্তব্য করেন।

মঙ্গলবার হোয়াইট হাউসের ওভাল অফিসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ডোনাল্ড ট্রাম্প জানান যে তারা বিজয়ী হয়েছেন এবং ইরানের নৌবাহিনী, বিমানবাহিনী, অস্ত্রাগার ও বিভিন্ন সেনা স্থাপনায় সফলভাবে হামলা চালিয়েছেন।

নিউ ইয়র্ক টাইমস, এবিসি ও সিবিসির মতো সংবাদমাধ্যম ভুয়া খবর ছড়াচ্ছে উল্লেখ করে তিনি দাবি করেন, দ্রুত বিজয়ের কারণেই পিট হেগসেথ হতাশ।

মার্কিন প্রেসিডেন্ট আরও দাবি করেন, ইরানে কার্যকরভাবে ক্ষমতার পালাবদল ঘটেছে এবং বর্তমান নেতৃত্ব আগের চেয়ে অনেক আলাদা।

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, প্রেসিডেন্টের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার ইরানের নতুন নেতৃত্বের সঙ্গে সংলাপে যুক্ত আছেন বলেও তিনি জানান।

গত ৬ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত টানা ২১ দিন তেহরান ও ওয়াশিংটনের মধ্যে ইরানের পরমাণু এবং ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে আলোচনা চলে। তবে কোনো সমঝোতা ছাড়াই এই আলোচনা ব্যর্থ হয়। এর পরপরই ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ইরানে অপারেশন এপিক ফিউরি শুরু করে। একই সময়ে ইসরায়েলও অপারেশন রোয়ারিং লায়ন নামে ইরানে সামরিক অভিযান চালায়। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের এই হামলায় ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানি এবং আইআরজিসির শীর্ষ কমান্ডার মোহাম্মদ পাকপৌরসহ বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ সামরিক কর্মকর্তা নিহত হন। হামলায় ইরানের বিভিন্ন সামরিক ও বেসামরিক স্থাপনা ধ্বংস হয় এবং দুই হাজারের বেশি মানুষ প্রাণ হারান।

এদিকে ইরানও বসে নেই। যুদ্ধের শুরু থেকেই ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের ছয়টি দেশ সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও ওমানে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে তারা ক্রমাগত ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে।

তবে মঙ্গলবার মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, যুদ্ধ বন্ধের লক্ষ্যে যুক্তরাষ্ট্র ১৫টি দফা সংবলিত একটি প্রস্তাব ইরানের কাছে পাঠিয়েছে। পাকিস্তানের মধ্যস্থতায় এই প্রস্তাবটি ইতোমধ্যে তেহরানের কাছে পৌঁছানো হয়েছে।

এনএন/ ২৫ মার্চ ২০২৬



Scroll to Top