ইরানের নতুন জাতীয় নিরাপত্তা প্রধান হলেন আইআরজিসির সাবেক কমান্ডার জোলকাদর – DesheBideshe

ইরানের নতুন জাতীয় নিরাপত্তা প্রধান হলেন আইআরজিসির সাবেক কমান্ডার জোলকাদর – DesheBideshe

ইরানের নতুন জাতীয় নিরাপত্তা প্রধান হলেন আইআরজিসির সাবেক কমান্ডার জোলকাদর – DesheBideshe

তেহরান, ২৪ মার্চ – ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সাবেক কমান্ডার মোহাম্মদ বাকের জোলকাদর দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের নতুন সচিব হিসেবে আনুষ্ঠানিকভাবে নিয়োগ পেয়েছেন।

তিনি এই গুরুত্বপূর্ণ পদে আলী লারিজানির স্থলাভিষিক্ত হলেন। মঙ্গলবার ইরানের প্রেসিডেন্ট কার্যালয়ের যোগাযোগ ও তথ্যবিষয়ক উপপ্রধান সাইয়েদ মেহদি তাবাতাবাই সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেন। ইরানের গণমাধ্যম প্রেস টিভি জানিয়েছে, রাষ্ট্রপতির নির্দেশ ও সর্বোচ্চ নেতার অনুমোদনের পর জোলকাদরকে এই শীর্ষ নিরাপত্তা পদে দায়িত্ব দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত সপ্তাহে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় সাবেক নিরাপত্তা পরিষদ প্রধান লারিজানি নিহত হন। লারিজানি দীর্ঘ সময় ধরে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছিলেন।

মোহাম্মদ বাকের জোলকাদর ইরানের নিরাপত্তা ও রাজনৈতিক পরিমণ্ডলে অত্যন্ত সুপরিচিত একটি নাম। এর আগে তিনি ইরানের বিচার বিভাগের কৌশলগত, সামাজিক নিরাপত্তা ও অপরাধ প্রতিরোধ বিষয়ক গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন। সর্বশেষ তিনি ইরানের সর্বোচ্চ পরামর্শ পরিষদের সচিব হিসেবে কর্মরত ছিলেন।

এছাড়া সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদের শাসনামলে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তাবিষয়ক উপমন্ত্রী হিসেবেও কাজ করেছেন।

তেহরান বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক সম্পন্ন করা জোলকাদরের বিরুদ্ধে ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে যুক্ত থাকার অভিযোগে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা রয়েছে।

এ এম/ ২৪ মার্চ ২০২৬



Scroll to Top