জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল থেকে শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার | চ্যানেল আই অনলাইন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল থেকে শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার | চ্যানেল আই অনলাইন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আবাসিক হল থেকে এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।

বুধবার (১৮ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের শের-ই-বাংলা একে ফজলুল হক হলের ৪১৩ নম্বর কক্ষ থেকে ওই শিক্ষার্থীর ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করা হয়।

ওই শিক্ষার্থীর নাম অরূপ রতন কনিষ্ক। তিনি বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের (৫০ ব্যাচ) শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি নারায়ণগঞ্জ জেলায়।

হলটির শিক্ষার্থীদের সূত্রে জানা যায়, ঈদের ছুটিতে ৪১৩ নম্বর কক্ষের অন্য শিক্ষার্থীরা বাড়িতে অবস্থান করায় ওই কক্ষে একাই ছিলেন কনিষ্ক। দুপুর ২টার দিকে কনিষ্কের কক্ষের দরজায় নক করেন সামনের কক্ষের এক শিক্ষার্থী। অনেকক্ষণ পেরিয়ে গেলেও সাড়া না পেয়ে ওই শিক্ষার্থী আরও একজনকে ডেকে আনেন। তখন দুজন একত্রে নক করলেও ভেতর থেকে সাড়া না আসায় জানালার গ্লাস ভেঙে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তারা।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. একেএম রাশিদুল আলম বলেন, পুলিশের উপস্থিতিতে মরদেহ উদ্ধারের প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এটি আত্মহত্যা নাকি এর পেছনে অন্য কোনো কারণ আছে তা তদন্ত শেষে বলা যাবে।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক শেখর চন্দ্র মল্লিক বলেন, প্রাথমিকভাবে আমরা এটিকে আত্মহত্যার ঘটনা বলে সন্দেহ করছি। তবে ময়নাতদন্ত ছাড়া মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করে বলা সম্ভব নয়। ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।

Scroll to Top