খাল খননের মাধ্যমে কৃষিতে বিপ্লব ঘটবে : শামা ওবায়েদ

খাল খননের মাধ্যমে কৃষিতে বিপ্লব ঘটবে : শামা ওবায়েদ

বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, খাল খননের মাধ্যমে এ এলাকায় কৃষিতে নতুন বিপ্লব ঘটবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান খাল খনন কর্মসূচির মাধ্যমে দেশে কৃষিতে যে অগ্রগতি ও শস্য বিপ্লব ঘটিয়েছিলেন, সেই পথ অনুসরণ করেই কৃষিতে নতুন অগ্রগতি আনা হবে।

খাল খননের মাধ্যমে কৃষিতে বিপ্লব ঘটবে : শামা ওবায়েদ

সোমবার (১৬ মার্চ) দুপুরে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মানিকদহ ইউনিয়নের বলেরবাগ থেকে সোনাখোলা সেতু পর্যন্ত খাল খনন কাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শামা ওবায়েদ বলেন, বিএনপির হাত ধরেই জুলাই সনদ বাস্তবায়ন হবে। জুলাই গণঅভ্যুত্থানে আত্মত্যাগকারী শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, তাদের আদর্শ বাস্তবায়নে আমরা বদ্ধপরিকর। বিএনপি যা বলে, তা বাস্তবায়ন করে।

তিনি আরও বলেন, সরকারের নেওয়া কর্মসূচির মধ্যে ইতোমধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। অল্প সময়ের ব্যবধানে খাল খনন কর্মসূচিও শুরু করা হয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম খান বাবুল বলেন, নির্বাচনের সময় দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের কাজ শুরু হয়েছে। মাত্র এক মাসের মধ্যে সারা দেশে একযোগে খাল খনন কর্মসূচি শুরু করা হয়েছে। যারা বলেছিলেন ফ্যামিলি কার্ড চালু হবে না, তাদের ধারণা ভুল প্রমাণিত হয়েছে। আগামী এপ্রিল মাসের মধ্যে কৃষকদের মাঝে কৃষি কার্ড পৌঁছে দেওয়া হবে বলেও তিনি জানান।

আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে

ফরিদপুর জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্লার সভাপতিত্বে এবং সাদরুল আলম সিয়ামের সঞ্চালনায় অনুষ্ঠানে জেলা পুলিশ সুপার মো. নজরুল ইসলাম, ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আবু জাহের, জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেছ আলী ইসা, যুগ্ম আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, ভাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আইয়ুব মোল্লা, ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Scroll to Top