
লস অ্যাঞ্জেলেস, ১৬ মার্চ – বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়োজন ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডস বা অস্কারের আসর বসেছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে। দেশ বিদেশের তারকাদের উপস্থিতিতে রেড কার্পেট হয়ে উঠেছে উৎসবমুখর।
এবারের অস্কার অনুষ্ঠানের সঞ্চালকের দায়িত্বে রয়েছেন জনপ্রিয় কমেডিয়ান কোনান ওব্রায়েন। অনুষ্ঠানের শুরুতেই তার চমৎকার রসিকতা ও মজার উপস্থাপনায় দর্শকরা মেতে ওঠেন। বিশেষ করে উইপনস সিনেমা ঘিরে করা একটি হাস্যরসাত্মক স্কেচ উপস্থিত সবার দৃষ্টি আকর্ষণ করে।
কাকতালীয়ভাবে রাতের প্রথম পুরস্কারটি জিতে নেয় সেই উইপনস সিনেমাই। এই ছবিতে অভিনয়ের জন্য সেরা পার্শ্ব অভিনেত্রীর অস্কার জিতে নেন অ্যামি ম্যাডিগান। অন্যদিকে সেরা পার্শ্ব অভিনেতার পুরস্কার পেয়েছেন হলিউড তারকা শন পেন।

পল থমাস অ্যান্ডারসন পরিচালিত ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার সিনেমায় দুর্দান্ত অভিনয়ের জন্য তিনি এই সম্মান পান।
এবারের অস্কারের লড়াই বেশ জমজমাট। শুরু থেকেই দুটি সিনেমা আলোচনার কেন্দ্রে ছিল। একটি হলো সিনার্স, যা দক্ষিণী কৃষ্ণাঙ্গ সংস্কৃতি ও ব্লুজ সংগীতের প্রেক্ষাপটে নির্মিত একটি ভ্যাম্পায়ার থ্রিলার। অন্যটি ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার, যেখানে একজন সাবেক বিপ্লবীর জীবনসংগ্রামের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রে অভিবাসীদের বাস্তবতা তুলে ধরা হয়েছে।
আসরে এখন পর্যন্ত বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিভাগে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। সেরা কাস্টিং হিসেবে ক্যাসান্দ্রা কুলুকুন্ডিস পুরস্কার জিতেছেন। সেরা অ্যানিমেটেড ফিচার ফিল্মের পুরস্কার পেয়েছে কেপপ ডেমন হান্টার্স। ফ্রাঙ্কেনস্টাইন সিনেমার জন্য সেরা মেকআপ ও হেয়ারস্টাইলিং বিভাগে মাইক হিল, জর্ডান স্যামুয়েল ও ক্লিওনা ফুরে এবং সেরা কস্টিউম ডিজাইন বিভাগে কেট হাওলি অস্কার জয় করেছেন। সেরা লাইভ অ্যাকশন শর্ট ফিল্ম বিভাগে যৌথভাবে দ্য সিঙ্গার্স এবং টু পিপল এক্সচেঞ্জিং সেলাইভা এবং সেরা অ্যানিমেটেড শর্ট ফিল্ম বিভাগে দ্য গার্ল হু ক্রাইড পার্লস পুরস্কার জিতেছে। অস্কারের মূল আকর্ষণ সেরা চলচ্চিত্র, সেরা অভিনেতা ও সেরা অভিনেত্রীর মতো বড় বিভাগগুলোর ফলাফল এখনও ঘোষণা করা হয়নি। ফলে বিশ্বের কোটি দর্শকের দৃষ্টি এখন ডলবি থিয়েটারের মঞ্চের দিকেই নিবদ্ধ রয়েছে।
এনএন/ ১৬ মার্চ ২০২৬
সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::৯৮তম অস্কার: প্রথম পুরস্কার জিতলেন অ্যামি ম্যাডিগান, সেরা পার্শ্ব অভিনেতা শন পেন first appeared on DesheBideshe.



