
বগুড়া, ৭ মার্চ – বগুড়ার সারিয়াকান্দিতে জমি সংক্রান্ত বিরোধের জেরে চয়ন রাজভর নামের এক কোচিং সেন্টারের পরিচালককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।
শুক্রবার রাতে উপজেলার ফুলবাড়ি বাজার এলাকায় তারাবির নামাজের পর এই হামলার ঘটনা ঘটে।
নিহত চয়ন রাজভর ফুলবাড়ি উত্তরপাড়া এলাকার তুলা রাম রাজভরের ছেলে এবং স্থানীয় দ্য নিউ কনটেস্ট কোচিং সেন্টারের পরিচালক ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, একটি জমি নিয়ে চয়ন রাজভরের সঙ্গে প্রতিপক্ষের দীর্ঘদিনের বিরোধ চলছিল। শুক্রবার রাতে নামাজের পর ওই জমি নিয়ে উভয়পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে প্রতিপক্ষ শাহিন ফকির ও তার ছেলেরা দেশীয় অস্ত্র নিয়ে চয়নের ওপর হামলা চালায়। হামলাকারীরা চয়নের বুকে ছুরিকাঘাত করলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এই সংঘর্ষে নিহতের ভাই নয়ন রাজভর এবং প্রতিপক্ষের একজন আহত হয়েছেন। নয়ন রাজভরকে আশঙ্কাজনক অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের পর জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করা হয়েছে এবং জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এনএন/ ৭ মার্চ ২০২৬





