পানীয় এবং মজার সব ফ্লেভার
রকেট উৎক্ষেপণ ও পৃথিবীতে ফিরে আসার দিনটা বাদে বাকি দিনগুলোতে নভোচারীদের জন্য সকালের নাশতা, দুপুরের খাবার ও রাতের খাবারের রুটিন করা আছে। তাঁরা দিনে মাত্র দুবার স্বাদযুক্ত পানীয় পান করার সুযোগ পাবেন। মেনুতে ১০টির বেশি পানীয় থাকছে। এর মধ্যে আছে কফি, গ্রিন টি, আম-পিচের স্মুদি, চকলেট ও ভ্যানিলা ফ্লেভারের ব্রেকফাস্ট ড্রিংক, লেমোনেড, অ্যাপল সাইডার, আনারসের পানীয়, কোকো এবং স্ট্রবেরি ব্রেকফাস্ট ড্রিংক। মজার ব্যাপার হলো, এই চার নভোচারীর পুরো মিশনে মোট ৪৩ কাপ কফি লাগবে!
মহাকাশে গেলে অনেক সময় মানুষের মুখের স্বাদ কমে যায়, সবকিছু পানসে লাগে। তাই খাবারে স্বাদ বাড়ানোর জন্য পাঁচ রকমের দারুণ হট সস বা ঝাল সস নিয়ে যাওয়া হচ্ছে। এর সঙ্গে আরও থাকছে মেপল সিরাপ, চকলেট স্প্রেড, পিনাট বাটার, ঝাল শর্ষে বা স্পাইসি মাস্টার্ড, স্ট্রবেরি জ্যাম, মধু, দারুচিনি ও অ্যালমন্ড বাটার।
খাওয়াদাওয়ার পর মিষ্টি খাওয়ার শখ মেটাতেও নাসার দারুণ ব্যবস্থা আছে! নাসার চার্ট অনুযায়ী, মিষ্টির মধ্যে সবচেয়ে বেশি থাকছে চকলেট ও কুকিজ। এ ছাড়া আছে পুডিং, কবলার, ক্যান্ডি বা মিষ্টি দিয়ে মোড়ানো কাঠবাদাম ও কেক।


