
গত ৩১ আগস্ট আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানান লিওনেল মেসি। বুধবার বেনিনের বিপক্ষে আর্জেন্টিনার জার্সিতে বেনিনের বিপক্ষে শেষবারের মত মাঠে নামেন কিংবদন্তি। তার বিদায়ে শ্রদ্ধা জানিয়েছেন তারকা-মহতারকারা। এমনকি বাদ যাননি চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদোও। পর্তুগাল কিংবদন্তি মেসিকে নিয়ে বলেছেন, ‘তুমি এমন ইতিহাস তৈরি করেছ, যা চিরকাল টিকে থাকবে।’
বুয়েন্স আয়ার্সের মনুমেন্টাল স্টেডিয়ামে ৮৫ হাজারের বেশি দর্শকের সামনে বেনিনকে ৩-০ গোলে হারিয়েছে বিশ্বচ্যাম্পিয়নরা। বিদায়ী ম্যাচে একটি গোল করার পাশাপাশি দুটি গোলে সহায়তা করেন ৩৯ বর্ষী মেসি।
ম্যাচের পর সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে নিজের আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়ে আবেগঘন বার্তা দেন মেসি। সেখানে তিনি লেখেন, ‘গতকাল ছিল আমার শেষ ম্যাচ এবং আমি এরই মধ্যে আকাশি-সাদা জার্সি মিস করতে শুরু করেছি। আমি জানি সঠিক সিদ্ধান্তই নিয়েছি। ভরপুর আনন্দ এবং কিছুটা দুঃখের মিশেলে অবিশ্বাস্য এক অভিযাত্রা। কিন্তু আমি জানি প্রতিটি পদক্ষেপই সার্থক ছিল।’
আর্জেন্টিনার হয়ে দীর্ঘ ক্যারিয়ারে মেসি জিতেছেন ২০২১ ও ২০২৪ কোপা আমেরিকা, ২০২২ ফিনালিসিমা এবং ২০২২ বিশ্বকাপ। বিদায়ী বার্তায় সতীর্থ ও সমর্থকদের পাশাপাশি আর্জেন্টিনার ফুটবল কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনাকেও স্মরণ করেন তিনি।
মেসি লেখেন, ‘আমি ডিয়েগোকে (ম্যারাডোনা) ভুলতে চাই না। তিনি আমাদের দেশকে তার প্রাপ্য জায়গায় পৌঁছে দিয়েছিলেন। আমি সব সময়ই বলি, তিনি আমাদের সাহায্য করেছেন-জীবিত থাকতে যেমন পাশে ছিলেন, তেমনি স্বর্গ থেকেও আমাদের প্রতিটি পদক্ষেপে পাশে আছেন।’
মেসির সেই পোস্টেই মন্তব্য করেন রোনালদো। দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বীকে অভিনন্দন জানিয়ে পর্তুগিজ কিংবদন্তি লেখেন, ‘লিও, এত বছর নিজের দেশের হয়ে লড়াই করে তুমি এমন ইতিহাস তৈরি করেছ, যা চিরকাল টিকে থাকবে। আর্জেন্টিনার হয়ে তুমি যা অর্জন করেছ, তার প্রতি আমার সর্বোচ্চ শ্রদ্ধা। আলিঙ্গন।’
এদিকে জাতীয় দলের সঙ্গে রোনালদোর নিজের ভবিষ্যৎ নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা। পর্তুগালের অনুশীলন ক্যাম্প থেকে আকস্মিকভাবে চলে যাওয়ার পর কোচ হোর্হে জেসাসের সঙ্গে তার বিরোধের খবর সামনে এসেছে। ফলে পর্তুগালের জার্সিতে তার ভবিষ্যৎ এখনও অনিশ্চিত।
আরও পড়ুন
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…

