শ্রীলঙ্কা উপকূলে ইরানি যুদ্ধজাহাজে মার্কিনি হামলায় নিহত ৮০ | চ্যানেল আই অনলাইন

শ্রীলঙ্কা উপকূলে ইরানি যুদ্ধজাহাজে মার্কিনি হামলায় নিহত ৮০ | চ্যানেল আই অনলাইন

শ্রীলঙ্কার দক্ষিণ উপকূলের কাছে একটি ইরানি যুদ্ধজাহাজকে মার্কিন সাবমেরিন টর্পেডো হামলায় ডুবিয়ে দিয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ।

এ ঘটনায় অন্তত ৮০ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন শ্রীলঙ্কার উপ-পররাষ্ট্রমন্ত্রী।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে বিষয়টি জানা যায়।

পেন্টাগনে সাংবাদিকদের ব্রিফিংয়ে হেগসেথ বলেন, ‘আন্তর্জাতিক জলসীমায় নিরাপদ ভেবে চলা একটি ইরানি যুদ্ধজাহাজকে একটি মার্কিন সাবমেরিন টর্পেডো দিয়ে ডুবিয়ে দিয়েছে।’

ডুবে যাওয়া ফ্রিগেটটির নাম ‘আইরিস দেনা’। জাহাজটি ভারতের পূর্ব উপকূলের এক বন্দর থেকে ইরানে ফিরছিল বলে জানা গেছে।

উদ্ধার তৎপরতা শুরু শ্রীলঙ্কার
শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী বিজিথা হেরাথ জানান, জাহাজটিতে ১৮০ জন আরোহী ছিলেন। বিপদ সংকেত পাওয়ার পর শ্রীলঙ্কা নৌবাহিনী অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু করে। এখন পর্যন্ত ৩২ জনকে উদ্ধার করে গল আন্তর্জাতিক বন্দর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শ্রীলঙ্কা নৌবাহিনীর মুখপাত্র সামপাথ বলেন, ঘটনাস্থলে পৌঁছে নৌযানগুলো কেবল তেলের স্তর ভাসতে দেখেছে। ঘটনাটি শ্রীলঙ্কার জলসীমার বাইরে ঘটলেও কলম্বো মানবিক সহায়তা অব্যাহত রাখবে বলে তিনি জানান।

তিনি বলেন, আমরা আরও জীবিতদের উদ্ধারের আশাবাদী এবং নিশ্চিত না হওয়া পর্যন্ত অভিযান চালিয়ে যাব।

আঞ্চলিক উত্তেজনা বাড়ার আশঙ্কা
এই হামলা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানি নৌবাহিনীর বিরুদ্ধে পদক্ষেপের নাটকীয় সম্প্রসারণ হিসেবে দেখা হচ্ছে। বঙ্গোপসাগরে ভারতের আয়োজিত মহড়ায় অংশ নেওয়ার পরই জাহাজটি ফেরার পথে ছিল-এ তথ্য ঘটনাটিকে আরও সংবেদনশীল করে তুলেছে।

ঘটনার পর ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে বিশ্লেষকদের মতে, এ ঘটনা মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়া-উভয় অঞ্চলে কূটনৈতিক ও সামরিক উত্তেজনা আরও বাড়াতে পারে।

Scroll to Top