শান্ত-লিটনদের হারিয়ে বিসিএল চ্যাম্পিয়ন অঙ্কনের সেন্ট্রাল জোন | চ্যানেল আই অনলাইন

শান্ত-লিটনদের হারিয়ে বিসিএল চ্যাম্পিয়ন অঙ্কনের সেন্ট্রাল জোন | চ্যানেল আই অনলাইন

বিসিএল দ্বাদশ আসরের ফাইনালে ব্যাটে আলো ছড়ান নর্থ জোনের তাওহীদ হৃদয়। তার ব্যাটে ভর করে চ্যালেঞ্জিং সংগ্রহ গড়েছিল নর্থ জোন। তবে সেন্ট্রাল জোনের দুই ব্যাটার নাঈম শেখ ও সাইফ হাসানের দেড়শতাধিক রানের জুটিতে লিটন দাস ও নাজমুল হোসেন শান্তদের হারিয়ে চ্যাম্পিয়ন মাহিদুল হাসান অঙ্কনের সেন্ট্রাল জোন।

মঙ্গলবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাটে নেমে ৪৯.৩ ওভারে ২৩৮ রানে গুটিয়ে যায় নর্থ জোন। জবাবে নেমে ৫ উইকেট হাতে রেখে ৩৮ ওভারে জিতে যায় সেন্ট্রাল জোন।

আগে ব্যাটে নেমে ৩৪ রানে দুই ওপেনারের উইকেট হারায় নর্থ জোন। তৃতীয় উইকেটে হৃদয়কে নিয়ে ৫২ রানের জুটি গড়েন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ব্যক্তিগত ৩৫ রানে সাইফ হাসানের শিকার হয়ে শান্ত ফিরলে জুটি ভাঙে।

চতুর্থ উইকেটে এসএম মেহরবকে নিয়ে ৩৭ এবং ষষ্ঠ উইকেটে সাব্বির রহমানকে নিয়ে ৫৩ রানের জুটি গড়েন হৃদয়। মেহরব ২৮ ও সাব্বির ২৪ রান করে আউট হন। এরপর আকবর আলি আউট হন খালি হাতে।

এক প্রান্ত আগলে রেখে দলের সংগ্রহ ২০০ পার করান হৃদয়। টেনে নিয়ে যান শেষ ওভার পর্যন্ত। সুযোগ ছিল তিন অঙ্কে পৌঁছানোর। তবে শেষ ওভারের তৃতীয় বলে এলবিডব্লিউ হয়ে ফিরে যান। ৪ রানের আক্ষেপ নিয়ে মাঠ ছাড়েন। ৯৮ বলে ১ ছক্কা ও ৮ চারে ৯৬ রান করেন।

সেন্ট্রাল জোনের হয়ে ৪ উইকেট নেন রিপন মণ্ডল। দুটি করে উইকেট নেন তাসকিন আহমেদ এবং রাকিবুল হাসান।

রান তাড়ায় শুরুটা ভালো হয়নি সেন্ট্রাল জোনেরও। দলীয় ২৪ রানে ওপেনার জিশান আলমের উইকেট হারায় দলটি। তবে তিনে নামা সাইফ হাসান ব্যাটে নেমে দৃশ্যপট বদলে দেন। মারকুটে ব্যাটিংয়ে নাঈম শেখকে নিয়ে দ্বিতীয় উইকেটে ১৬৪ রানের জুটি গড়েন।

দুজনেরই সুযোগ ছিল তিন অঙ্ক ছোঁয়ার। তবে কেউই পারেননি। ৮৭ বলে ৩ ছক্কা ও ৫ চারে ৭৮ রান করে রিশাদ হোসেনের শিকার হয়ে ফেরেন নাঈম। সাইফ হাসান ফেরেন ৩ ছক্কা ও ৭ চারে ৭৮ বলে ৮৭ রান করে। এই দুজনের বিদায়ের পর দ্রুত সময়ের ব্যবধানে ফেরেন অধিনায়ক অঙ্কনও।

পরে দলকে এগিয়ে নেন মাহফিজুল রবিন এবং ইরফান শুক্কুর। জয় থেকে মাত্র ১ রান দূরে থাকতে শুক্কুর ফেরেন রিশাদের বলে আউট হয়ে। ১৮ রানে অপরাজিত থাকেন রবিন।

নর্থ জোনের হয়ে দুটো করে উইকেট নেন রিশাদ এবং নাহিদ।

Scroll to Top