১০ কোটি ব্যারেল তেল-ডিজেল বাজারে ছাড়ার সিদ্ধান্ত জি৭-ভুক্ত দেশগুলোর

জ্বালানির বাড়তি দাম নিয়ন্ত্রণে জরুরি মজুত থেকে আগামী চার মাসে ১০ কোটি ব্যারেল ডিজেল ও অপরিশোধিত তেল বাজারে ছাড়তে সম্মত হয়েছে সাতটি শিল্পোন্নত দেশের জোট জি-৭।

সিদ্ধান্ত

জোটের নেতারা এক জরুরি বৈঠকের পর এ সিদ্ধান্তের কথা জানান। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর কার্যালয় থেকে প্রকাশিত এক যৌথ বিবৃতিতে বলা হয়, আন্তর্জাতিক জ্বালানি সংস্থার (আইইএ) মাধ্যমে চার মাসে ১০ কোটি ব্যারেল জ্বালানি সরবরাহ শুরু করতে সমন্বিত পদক্ষেপ নেওয়া হবে।

এ ছাড়া জি-৭ভুক্ত দেশগুলোর মধ্যে জ্বালানি রপ্তানির ওপর বিধিনিষেধ এড়িয়ে চলার বিষয়েও নেতারা একমত হয়েছেন।

জি-৭-এর এ ঘোষণা আসে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইউরোপীয় দেশগুলোকে জরুরি মজুত থেকে ডিজেল ছাড়ার জন্য চাপ দেওয়ার মধ্যে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর আগে হুমকি দিয়েছিলেন, জার্মানি ও ফ্রান্স তাদের মজুত উন্মুক্ত না করলে যুক্তরাষ্ট্র থেকে ডিজেল রপ্তানির ওপর সম্ভাব্য নিষেধাজ্ঞা দেওয়া হতে পারে।

জি-৭-এর সিদ্ধান্তের পর ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে বলেন, ইউরোপ বিপুল পরিমাণ মজুত করা ডিজেল বাজারে ছাড়তে সম্মত হয়েছে এবং এ প্রক্রিয়া অবিলম্বে শুরু হবে।

এদিকে জ্বালানির দাম কমাতে ডিজেলের মজুত ছাড়ার বিষয়ে শুক্রবার ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলো আলোচনা করে। এরপর যৌথ পদক্ষেপের বিষয়ে আলোচনার জন্য জি-৭ নেতাদের নিয়ে জরুরি ভিডিও কনফারেন্সের আয়োজন করেন ম্যাক্রোঁ।

জি-৭-এর সদস্য দেশগুলোর মধ্যে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালি, কানাডা ও জাপান রয়েছে।

Scroll to Top