
ঢাকা, ০৩ মার্চ – ঢাকাসহ দেশের সাতটি বিভাগে বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। অন্যদিকে দেশের বাকি এলাকাগুলোতে আকাশ মেঘলা থাকতে পারে বলেও পূর্বাভাসে বলা হয়েছে।
মঙ্গলবার (৩ মার্চ) সন্ধ্যা পর্যন্ত দেওয়া পূর্বাভাসে জানানো হয়েছে, লঘুচাপের বাড়তি অংশ ভারতের পশ্চিমবঙ্গ ও আশপাশের এলাকায় অবস্থান করছে। আর মৌসুমের স্বাভাবিক লঘুচাপ রয়েছে দক্ষিণ বঙ্গোপসাগরে, যার বাড়তি অংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত ছড়িয়ে আছে।
এই অবস্থায় রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সময়ে দেশের অন্য জায়গাগুলোতে আংশিক মেঘলা আকাশ থাকতে পারে এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এরপর আগামী কয়েক দিনে বৃষ্টির কোনো পূর্বাভাস নেই।
আবহাওয়া অফিস আরও জানিয়েছে, আজ সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
এনএন/ ০৩ মার্চ ২০২৬





