গাইবান্ধায় হাত-পা বাঁধা অবস্থায় স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার – DesheBideshe

গাইবান্ধায় হাত-পা বাঁধা অবস্থায় স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার – DesheBideshe

গাইবান্ধায় হাত-পা বাঁধা অবস্থায় স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার – DesheBideshe

গাইবান্ধা, ১ মার্চ – গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় নিজ বাসভবন থেকে এক স্কুল শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার বিকেল ৪টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন চক গোবিন্দপুর এলাকার বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত শিক্ষিকার নাম শামসুন্নাহার রুমা। তিনি উপজেলার চণ্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন এবং ফুলবাড়ী গ্রামের সোলাইমান আলী মাস্টারের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শামসুন্নাহার রুমা তার বাবার মালিকানাধীন ওই বাসায় একা বসবাস করতেন। তার একমাত্র সন্তান পড়াশোনার সুবাদে ঢাকায় থাকেন এবং স্বামীর সঙ্গে তার বিবাহবিচ্ছেদ হয়েছিল। শনিবার সারাদিন তার কোনো সাড়াশব্দ না পেয়ে প্রতিবেশীরা খোঁজ নিতে যান। এ সময় ঘরের ভেতরে আসবাবপত্র এলোমেলো এবং তার নিথর দেহ পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক জানান, দুর্বৃত্তরা বাসায় প্রবেশ করে ওই শিক্ষিকাকে হাত-পা বেঁধে এবং গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

হত্যার রহস্য উদঘাটনে ক্রাইম সিন ইউনিট কাজ করছে। ময়নাতদন্তের জন্য মরদেহ গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

এনএন/ ১ মার্চ ২০২৬



Scroll to Top