
শুক্রবার ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফুটবল ফেস্টিভ্যালে ই-স্তরের প্লেট পর্বের ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক। ফাইনালটি দিয়ে আফ্রিকা মহাদেশের দেশটির সঙ্গে বাংলাদেশের খেলার মাঠে নতুন সম্পর্ক হচ্ছে। কিন্তু দেশটির সাথে সম্পর্ক অনেক পুরনো।
দেশটির শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন বাংলাদেশের শান্তিরক্ষীরা। তাদের জন্য শান্তি নিশ্চিত করতে রক্তও দিয়েছেন বাংলাদেশি সেনারা।
মধ্য আফ্রিকার স্থলবেষ্টিত দেশ সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক। রাজধানী বাঙ্গি। প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ হলেও দীর্ঘদিনের রাজনৈতিক অস্থিরতা ও সশস্ত্র সংঘাতে বিপর্যস্ত দেশটি।
বেসামরিক মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে ২০১৪ সালে সেখানে জাতিসংঘের শান্তিরক্ষা মিশন মিনুসকা কার্যক্রম শুরু করে। এই মিশনে অন্যতম গুরুত্বপূর্ণ অংশীদার বাংলাদেশ।
দেশটিতে বাংলাদেশ সেনাবাহিনীর পাঁচটি কন্টিনজেন্টের পাশাপাশি বিমানবাহিনীর সদস্যরাও দায়িত্ব পালন করছেন। নিরাপত্তা নিশ্চিত করা, সাধারণ মানুষের সুরক্ষা, চিকিৎসাসেবা ও মানবিক সহায়তায় অবদান রাখছেন তারা।
২০২৫ সালের মার্চ পর্যন্ত দেশটিতে বাংলাদেশের ৯ হাজার ৯৬১ জন সেনাসদস্য শান্তিরক্ষী হিসেবে দায়িত্ব পালন করেছেন। দায়িত্ব পালন করতে গিয়ে প্রাণ হারিয়েছেন ১১ জন বাংলাদেশি সেনাসদস্য।
গত বছরের মার্চে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক সফর করেন বাংলাদেশের সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। সফরে তিনি দেশটির প্রেসিডেন্ট ফস্টিন-আর্চেঞ্জ তোয়াদেরার সঙ্গে বৈঠক করেন। দুই দেশের সেনাবাহিনীর মধ্যে সহযোগিতা বৃদ্ধির বিষয়েও আলোচনা হয়।
সেসময় বাংলাদেশের শান্তিরক্ষীদের নির্মিত ‘তোয়াদেরা কমিউনিটি ক্লিনিক’ যৌথভাবে উদ্বোধন করেন দেশটির প্রেসিডেন্ট ও বাংলাদেশের সেনাপ্রধান।
বাংলাদেশের অবদানের স্বীকৃতি হিসেবে সেনাপ্রধানকে সম্মানসূচক রাষ্ট্রপতি পদকে ভূষিত করা হয়।

সম্প্রতি, চলতি অক্টোবরেও দেশটিতে শান্তি প্রতিষ্ঠায় অবদানের স্বীকৃতি পেয়েছেন বাংলাদেশি শান্তিরক্ষীরা। ৭ অক্টোবর জাতিসংঘের পদক পেয়েছেন বাংলাদেশের বিশেষ বাহিনীর ১৫৭ জন সদস্য, যাদের মধ্যে সাতজন নারী।
ফুটবলের মাঠে শুক্রবার বাংলাদেশ ও সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক প্রতিদ্বন্দ্বী। কিন্তু মাঠের বাইরে শান্তি, মানবিকতা আর সহযোগিতার বন্ধনে দুই দেশের সম্পর্কের রয়েছে এক ভিন্ন গল্প। সেই গল্পে বাংলাদেশের পরিচয় শুধু একটি দেশের নয়, শান্তিরক্ষায় নিবেদিত এক অংশীদারের।
আরও পড়ুন
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…

