ভারতের শীর্ষ গরুর ও মহিষের মাংস রপ্তানিকারক প্রতিষ্ঠান আল্লানা গ্রুপ ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টিকে (বিজেপি) সর্বোচ্চ অনুদান দিয়েছে বলে জানা গেছে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে স্ক্রল ডট ইন।
প্রতিবেদনে বলা হয়, ভারত যখন বিশেষ করে ইসলামিক দেশগুলিতে নতুন মাংসের বাজারে প্রবেশ ও রপ্তানি সম্প্রসারণের কৌশল নিচ্ছে, ঠিক সেই সময়েই আল্লানা গ্রুপের এই অভূতপূর্ব অনুদানের তথ্য সামনে এসেছে। ফলে রাজনৈতিক ও অর্থনৈতিক মহলে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে।
২০১৪ সালে লোকসভা নির্বাচনের আগে বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তৎকালীন সংযুক্ত প্রগতিশীল জোট (ইউপিএ) সরকারের বিরুদ্ধে ‘পিঙ্ক রেভল্যুশন’ প্রচার এবং গবাদি পশু হত্যাকে উৎসাহিত করার অভিযোগ করেছিলেন। সে সময় তিনি বলেছিলেন, গ্রামাঞ্চল জুড়ে আমাদের পশুদের জবাই করা হচ্ছে। ভারত জুড়েও বিশাল কসাইখানা চালু আছে। যদিও ভারতীয় সংস্থাগুলি গরুর মাংস নয়, মূলত মহিষের মাংস রপ্তানি করে থাকে, তবুও গরুর মাংস শিল্প দীর্ঘদিন ধরে হিন্দুত্ববাদী প্রচারণার একটি আলোচিত বিষয়। রাজনৈতিক বক্তব্য ও বাস্তব রপ্তানি নীতির মধ্যে এই পার্থক্য নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন রয়েছে।
তবে পর্যবেক্ষকদের মতে, মোদী সরকারের আমলে মহিষের মাংস রপ্তানি শিল্প শুধু টিকে থাকেনি, বরং উল্লেখযোগ্যভাবে বিকশিত হয়েছে। প্রায় ১৬০ বছরের পুরনো আল্লানা গ্রুপ বর্তমানে ভারতের মহিষের মাংস রপ্তানিতে শীর্ষস্থান ধরে রেখেছে এবং আন্তর্জাতিক বাজার সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।


