শপিং কমপ্লেক্সের এক ব্যবসায়ী আসফিক আহমেদ সিদ্দিকী বলেন, শপিং সেন্টারের মাঝামাঝি অংশে অবস্থিত ‘গোধূলি’ দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন লাগার সঙ্গে সঙ্গে চারটি ফায়ার এক্সটিংগুইশার ব্যবহার করে নেভানোর চেষ্টা করা হয়, তবে তা সফল হয়নি। অগোছালো বৈদ্যুতিক তারের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। একপর্যায়ে ভেতরে একটি এসি বিস্ফোরিত হলে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।
খুলনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক আবদুল মালেক বলেন, নিউমার্কেটের পাশে বায়তুন নূর শপিং সেন্টারের মোবাইল মার্কেটে আগুন লাগে। সংবাদ পেয়ে ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত। মার্কেটের ভেতরে বিদ্যুতের অনেক তার ছড়িয়ে–ছিটিয়ে ছিল, সেখান থেকেই আগুন লাগতে পারে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য পরে জানানো হবে।



