লেবু বিক্রেতা শরীফ সবজি ভান্ডারের মালিক শরীফ মিয়া প্রথম আলোকে জানান, তাঁর দোকানের লেবু চট্টগ্রাম থেকে আনা। লেবুর মৌসুম না থাকায় উৎপাদন কম, তাই দাম একটু বেশি। আরিফ ভুঁইয়া ও আওলাদ হোসেন নামের আরও দুজন লেবু বিক্রেতা জানান, রোজার এক মাস আগ থেকেই লেবুর বাজার চড়া। মোকাম থেকেই বেশি দামে লেবু কিনতে হচ্ছে।
শুধু লেবুর দামই বাড়তি নয়, ইফতারে বেগুনি তৈরির লম্বা বেগুন বিক্রি হচ্ছে ১৮০ টাকা কেজি। এক সপ্তাহ আগেও এই বেগুন বিক্রি হয়েছে ৬০ টাকা কেজি। বাজারে লম্বা বেগুনের সরবরাহ কম দেখা গেছে। অন্যদিকে গত সপ্তাহে প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হয়েছে ১২০ টাকা। সেই কাঁচা মরিচ প্রতি কেজি ১৬০ টাকায় বিক্রি হচ্ছে। সাত দিনের ব্যবধানে কাঁচা মরিচের দাম বেড়েছে ৬০ টাকা। এ ছাড়া শসা বিক্রি হচ্ছে ৯০ টাকা, নিত্যপ্রয়োজনীয় অন্যান্য জিনিসের দামও বেশি।



