কুষ্টিয়ায় সিলিন্ডারবাহী ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছে।
শনিবার (২১ ফেব্রুয়ারি) বেলা ২টার দিকে কুষ্টিয়া বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে। কুষ্টিয়া হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ আবু ওবায়েদ এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- খাজানগর এলাকার মৃত সিরাজুল ইসলামের দুই স্ত্রী আমেনা খাতুন (৬৫) ও কমেলা খাতুন (৬২), আমেনা খাতুনের মেয়ের জামাই সিএনজিচালক জাকারিয়া সরকার (৪০), খাজানগর এলাকার আব্দুল মালেকের ছেলে আশরাফুল (২৮) ও আশরাফুলের স্ত্রী শিরিনা খাতুন (২০)।
কুষ্টিয়া হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ আবু ওবায়েদ সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি জব্দ করা হয়েছে। ট্রাকচালক পলাতক রয়েছেন। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। পুলিশ ঘটনাস্থলে কাজ করছে।
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, অটোরিকশাটি শহরের কবুরহাট থেকে বাইপাস হয়ে যাচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক সিএনজিটিকে ধাক্কা দেয়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তিনজন এবং হাসপাতালে নেওয়ার পথে আরও দুজনের মৃত্যু হয়।
হাসপাতাল প্রাঙ্গণে নিহত একজনের স্বজন জানান, হতাহত ব্যক্তিরা সবাই কুষ্টিয়ার খাজানগরের বাসিন্দা। তারা রাজশাহীর বাঘা উপজেলা থেকে খাজানগরে ফিরছিলেন।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ পরিচালনা করেন। দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য সড়কে যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ যান চলাচল স্বাভাবিক করে।





