
ঢাকা, ১৯ ফেব্রুয়ারি – আগামী পাঁচ দিনের মধ্যে দেশের রাতের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
বৃহস্পতিবার অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিকের দেওয়া এক পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।
আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে আগামী ২৪ ঘণ্টার মধ্যে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সেই সঙ্গে সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায়ও আবহাওয়া একই রকম থাকার সম্ভাবনা রয়েছে। এ সময় সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
শনিবার সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া শুষ্ক থাকার কথা বলা হয়েছে। তবে এ দিন সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
রোববার ও সোমবারও আবহাওয়ার পরিস্থিতি অনুরূপ থাকার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে অধিদপ্তর।
এনএন/ ১৯ ফেব্রুয়ারি ২০২৬





