নতুন সরকারের দ্বিতীয় কর্মদিবসে সকাল থেকেই সচিবালয়ে নিজ নিজ দপ্তরে উপস্থিত হয়েছেন নবনিযুক্ত মন্ত্রীরা। দায়িত্ব গ্রহণের পর কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে ইতোমধ্যে ১৮০ দিনের কর্মপরিকল্পনা চূড়ান্ত করার কাজ শুরু করেছেন তারা।
আজ ১৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সচিবালয়ে দর্শনার্থীদের উপস্থিতি ছিল তুলনামূলক বেশি। বিভিন্ন দপ্তরে কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও প্রাথমিক দিকনির্দেশনা দেওয়ার মধ্য দিয়ে নতুন সরকারের কার্যক্রম গতি পাচ্ছে।
সরকারের অগ্রাধিকার ইস্যুগুলোর মধ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও যানজট নিরসনকে গুরুত্ব দেওয়া হয়েছে। এই লক্ষ্যে স্বরাষ্ট্রমন্ত্রী সালেহউদ্দিন আহমেদ সংশ্লিষ্ট সব আইনশৃঙ্খলা বাহিনী এবং বিভিন্ন দপ্তরের প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা ডেকেছেন।
এদিকে প্রধানমন্ত্রীর জাতির উদ্দেশে দেওয়া ভাষণের দিকনির্দেশনা অনুযায়ী সড়ক, রেল ও নৌপথ ঢেলে সাজাতে উদ্যোগ নেওয়া হয়েছে। সড়ক ও সেতু মন্ত্রী এ বিষয়ে সংশ্লিষ্টদের নিয়ে বৈঠকে বসছেন বলে জানা গেছে।
উল্লেখ্য, মঙ্গলবার তারেক রহমানের নেতৃত্বে নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ নেন। বুধবার তারা প্রথম কর্মদিবসে সচিবালয়ে দায়িত্ব পালন শুরু করেন।


