
গাজীপুর, ৭ ফেব্রুয়ারি – ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে গাজীপুর মহানগর এলাকার সব শুটিং স্পট ও রিসোর্ট চার দিন বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) কর্তৃপক্ষের পক্ষ থেকে এই নির্দেশনা জারি করা হয়।
বৃহস্পতিবার রাতে জিএমপি এ সংক্রান্ত একটি গণবিজ্ঞপ্তি প্রকাশ করে এবং শুক্রবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন জিএমপি কমিশনার মোহা. ইসরাইল হাওলাদার।
পুলিশ কমিশনার স্বাক্ষরিত ওই গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, পুলিশ আইন ২০১৮-এর ৩১ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে আগামী ১০ ফেব্রুয়ারি দুপুর ১২টা থেকে ১৪ ফেব্রুয়ারি দুপুর ১২টা পর্যন্ত গাজীপুর মহানগরীর নির্বাচনী এলাকায় অবস্থিত সব শুটিং স্পট, রিসোর্ট ও বিনোদনকেন্দ্র বন্ধ রাখতে হবে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, নির্ধারিত এই সময়ের মধ্যে এসব স্থাপনায় যেকোনো ধরনের কার্যক্রম পরিচালনা ও জনসমাগম সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে।
প্রশাসন জানিয়েছে, এই নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
এনএন/ ৭ ফেব্রুয়ারি ২০২৬





