
ছবি: সংগৃহীত
টঙ্গীর ইজতেমা ময়দানে সাদপন্থীদের ইজতেমা ও তাবলীগি কার্যক্রম পরিচালনা করতে দেওয়া হবে না বলে ঘোষণা দিয়েছেন হেফাজতে ইসলামের মহাসচিব সাজিদুর রহমান। একই সঙ্গে ২০১৮ ও ২০২৪ সালের হত্যাকাণ্ডের মামলায় দ্রুত অভিযোগপত্র (চার্জশিট) দাখিলের দাবি জানিয়েছেন আলেম-ওলামারা।
শনিবার (২৪ অক্টোবর) দুপুরে গাজীপুরের টঙ্গীর টিনশেড এলাকায় সারা দেশের আলেম-ওলামাদের অংশগ্রহণে আয়োজিত পরামর্শ সভা শেষে সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে হেফাজতে ইসলামের মহাসচিব সাজিদুর রহমান বলেন, টঙ্গী ইজতেমা ময়দানে সাদপন্থীদের কোনো ইজতেমা কিংবা তাবলীগি কার্যক্রম পরিচালনা করতে দেওয়া হবে না।
তিনি আরও বলেন, সাদপন্থীদের বিরুদ্ধে ২০১৮ ও ২০২৪ সালের হত্যা মামলায় দ্রুত তদন্ত শেষ করে অভিযোগপত্র বা চার্জশিট দাখিলের ব্যবস্থা নিতে হবে। এ বিষয়ে সরকারের সংশ্লিষ্ট মহলের কার্যকর পদক্ষেপ দাবি করেন তিনি।
এর আগে, সাদপন্থীদের ইজতেমা আয়োজনের বিষয়ে সরকারের গুরুত্বপূর্ণ মহল থেকে হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীসহ শীর্ষস্থানীয় আলেম-ওলামা ও তাবলীগের মুরব্বিদের অনুরোধ জানানো হয়েছিল বলে সভায় জানানো হয়।
এ বিষয়ে ওলামায়ে কেরামের সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত জানানোর কথা বলেছিলেন হেফাজতে ইসলামের আমির। এরই পরিপ্রেক্ষিতে অনুষ্ঠিত পরামর্শ সভা থেকে সরকারের কাছে দুটি দাবি তুলে ধরা হয়।
আরও পড়ুন
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…


