এই যে বিশ্বকাপ শুরু হয়ে যাচ্ছে, সেটির আমেজও কি পাওয়া যাচ্ছে সেভাবে! এই প্রথম কোনো টি–টুয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে সম্ভাব্য চ্যাম্পিয়ন কে, কাদের ব্যাটে রানের ফোয়ারা ছুটবে, আগুন ঝরবে কাদের বলে—এসব নিয়ে বলতে গেলে সেভাবে আলোচনাই হচ্ছে না। টি–টুয়েন্টি বিশ্বকাপের এর আগের ৯টি আসরে চ্যাম্পিয়ন হতে দেখেছে ৬টি দলকে। ‘নয়–ছয়ের’ এই হিসাব ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড আর ভারত দুবার করে শিরোপা জিতেছে বলে।
কাগজে–কলমে শক্তিমত্তা আর গত কিছুদিনের রেকর্ডে এবারের ফেবারিট হিসেবে ভারতের নামটাই উচ্চারিত হচ্ছে সবচেয়ে বেশি। যা বলার সময় কেউ কেউ অবশ্য দুটি গুরুত্বপূর্ণ তথ্য মনে করিয়ে দিচ্ছেন। এক. টি–টুয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে এখন পর্যন্ত স্বাগতিক কোনো দেশ ট্রফি জেতেনি। দুই. কোনো দলই টানা দুবার জিতে শিরোপা ধরে রাখতে পারেনি।
আজ উদ্বোধনী দিনের তৃতীয় ও শেষ ম্যাচে ভারত যখন মুম্বাইয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে খেলতে নামবে, প্রচ্ছন্ন হয়ে থাকবে সেই ইতিহাস নতুন করে লেখার মিশন।
খেলার একটা আশ্চর্য শক্তি আছে। যত কাদা–ছোড়াছুড়িই হোক, যত বিতর্ক—একবার খেলা শুরু হয়ে গেলে সেসব আড়ালে চলে গিয়ে খেলাটাই বড় হয়ে ওঠে। টি–টুয়েন্টির এই বিশ্বকাপেও কি তা–ই হবে? হতে পারে, তবে বাংলাদেশে বোধ হয় সর্বার্থে তা হবে না।
এমন বিশ্বকাপ যে বাংলাদেশ কখনো দেখেনি আগে!



