পারমাণবিক ইস্যুতে আলোচনা নয়, ইরানকে নিরস্ত্র করতে চান ট্রাম্প – DesheBideshe

পারমাণবিক ইস্যুতে আলোচনা নয়, ইরানকে নিরস্ত্র করতে চান ট্রাম্প – DesheBideshe

পারমাণবিক ইস্যুতে আলোচনা নয়, ইরানকে নিরস্ত্র করতে চান ট্রাম্প – DesheBideshe

তেহরান, ০১ ফেব্রুয়ারি – পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রায় সব শর্ত মানতে রাজি হলেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে প্রকৃত কোনো আলোচনা করতে চান না বলে জানিয়েছে ইরানের বিপ্লবী গার্ড–ঘনিষ্ঠ সংবাদমাধ্যম বাসিরাত। তাদের দাবি, আলোচনার বদলে ট্রাম্পের লক্ষ্য ইরানকে পুরোপুরি নিরস্ত্র করা এবং অপমানের মধ্যে ফেলা।

শনিবার (৩১ জানুয়ারি) প্রকাশিত এক প্রতিবেদনে বাসিরাত জানায়, ইরানিরা ভালোভাবেই বোঝে যে পারমাণবিক ইস্যু আসলে শুধু একটি অজুহাত। বাস্তবতা হলো, এই বিষয়ে যুক্তিসংগত ও যৌক্তিক প্রায় সব শর্তই ইরান মেনে নিয়েছে। এর মধ্যে রয়েছে পারমাণবিক কার্যক্রম বড় পরিসরে সীমিত করা এবং আন্তর্জাতিক পর্যবেক্ষকদের নিয়মিত পরিদর্শনের সুযোগ দেওয়া। এমনকি একটি কাঠামোর আওতায় উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ পুরোপুরি সরিয়ে নিতেও ইরান সম্মত হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, ট্রাম্প আলোচনার কথা বলছেন না, তিনি বলছেন আত্মসমর্পণের কথা। এমন আত্মসমর্পণ, যেখানে জাতীয় ইচ্ছাশক্তি বিসর্জন দিতে হবে, সামরিক সক্ষমতা দুর্বল করতে হবে এবং ইরানকে আবার নির্ভরশীল অবস্থায় ফিরে যেতে হবে।

বাসিরাতের মতে, যুক্তরাষ্ট্র কোনো ধরনের নিশ্চয়তা দিতে চায় না। তাদের উদ্দেশ্য ইরানকে নিরস্ত্র করা, যার মাধ্যমে দেশটিকে অপমানিত করা এবং খণ্ডবিখণ্ড করার পথ তৈরি করা।

এদিকে মার্কিন সংবাদমাধ্যম এক্সিওস দুই দিন আগে এক প্রতিবেদনে জানায়, যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে হলে ইরানকে ইউরেনিয়ামের সব মজুদ সরিয়ে ফেলতে হবে, দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের সংখ্যা নির্দিষ্ট সীমার মধ্যে নামিয়ে আনতে হবে, প্রক্সি বাহিনীকে সহায়তার কৌশল বদলাতে হবে এবং ইউরেনিয়াম সমৃদ্ধকরণ পুরোপুরি বন্ধ করতে হবে।

এনএন/ ০১ ফেব্রুয়ারি ২০২৬



Scroll to Top