নেটফ্লিক্সে মুক্তির দিনেই প্রশ্নের মুখে ‘ধুরন্ধর’ | চ্যানেল আই অনলাইন

নেটফ্লিক্সে মুক্তির দিনেই প্রশ্নের মুখে ‘ধুরন্ধর’ | চ্যানেল আই অনলাইন

প্রেক্ষাগৃহে সফল যাত্রার পর অবশেষে ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে আদিত্য ধর পরিচালিত আলোচিত সিনেমা ‘ধুরন্ধর’। শুক্রবার (৩০ জানুয়ারি) মধ্যরাতে নেটফ্লিক্সে স্ট্রিমিং শুরু হলেও মুক্তির পরপরই দর্শকদের মধ্যে তৈরি হয়েছে নতুন আলোচনা!

দর্শকরা বলছেন, ওটিটি সংস্করণটি নাকি প্রেক্ষাগৃহে প্রদর্শিত সংস্করণের তুলনায় কিছুটা ছোট! সোশ্যাল মিডিয়ায় দর্শকদের দাবি, নেটফ্লিক্সে মুক্তি পাওয়া ‘ধুরন্ধর’-এর দৈর্ঘ্য প্রেক্ষাগৃহের সংস্করণের চেয়ে প্রায় ৯ মিনিট কম!

বলা হচ্ছে, সিনেমাটির থিয়েট্রিক্যাল রানটাইম ছিল ৩ ঘণ্টা ৩৪ মিনিট, যেখানে ওটিটি সংস্করণে এর দৈর্ঘ্য দাঁড়িয়েছে ৩ ঘণ্টা ২৫ মিনিট। বিষয়টি নজরে আসতেই অনেকে প্রশ্ন তুলছেন- ওটিটি দর্শকদের জন্য কি গুরুত্বপূর্ণ কোনো দৃশ্য বাদ দেওয়া হয়েছে?

একজন দর্শক সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন,“ওটিটি ভার্সনে ১০ মিনিট কাটা হয়েছে। থিয়েটারে ছিল ৩ ঘণ্টা ৩৪ মিনিট, নেটফ্লিক্সে মাত্র ৩ ঘণ্টা ২৫ মিনিট। মনে হচ্ছে গুরুত্বপূর্ণ কিছু দৃশ্য বাদ পড়েছে!”

যদিও এ বিষয়ে এখনো নির্মাতাদের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য আসেনি, তবে দর্শকদের একাংশ ভিন্ন ব্যাখ্যা দিয়েছেন। কারও মতে, নেটফ্লিক্সে ২৫ ফ্রেম পার সেকেন্ড (এফপিএস)-এ প্লেব্যাক হওয়ায় সিনেমাটি তুলনামূলক দ্রুত চলে, যেখানে সিনেমাগুলো সাধারণত ২৪ এফপিএস-এ নির্মিত হয়। ফলে পুরো সিনেমার দৈর্ঘ্য প্রায় ৪ শতাংশ কমে গিয়ে ৮–৯ মিনিটের পার্থক্য দেখা দিতে পারে!

অন্যদিকে আরেকটি পক্ষ বলছে, সিনেমার মূল অংশে কোনো কাটছাঁট করা হয়নি; বরং ক্রেডিট ও পোস্ট-ক্রেডিট অংশ সংক্ষিপ্ত করা হয়েছে।

উল্লেখ্য, আদিত্য ধর পরিচালিত ‘ধুরন্ধর’ বক্স অফিসে ইতিহাস গড়ে ‘পুষ্পা ২: দ্য রুল’-কে ছাড়িয়ে সর্বকালের সর্বোচ্চ আয় করা হিন্দি সিনেমার তকমা অর্জন করেছে। ছবিতে রণবীর সিংয়ের পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন অক্ষয় খান্না, সঞ্জয় দত্ত, অর্জুন রামপাল ও আর মাধবন।

দুই পর্বে নির্মিত এই ফ্র্যাঞ্চাইজির দ্বিতীয় কিস্তি মুক্তির কথা রয়েছে আগামি ১৯ মার্চ। ডিএনএ

Scroll to Top