আলোকচিত্র-প্রবন্ধের জন্মকথা

আলোকচিত্র-প্রবন্ধের জন্মকথা

১৯৪৮ সালে লাইফ ম্যাগাজিনে প্রকাশিত হয় ডব্লিউ ইউজিন স্মিথের আলোকচিত্র-প্রবন্ধ ‘কান্ট্রি ডক্টর’। আলোকচিত্র-প্রবন্ধ বলার কারণ, ‘কান্ট্রি ডক্টর’ কেবল কয়েকটি আলোকচিত্রের সমষ্টি নয়; বরং একগুচ্ছ ছবি দিয়ে কীভাবে একটি পূর্ণাঙ্গ গল্প বলতে হয়, তার ভিত্তিপাঠ। অন্তরঙ্গ, রুক্ষ এবং গভীর মানবিক সহানুভূতিতে ভর করে ইউজিন স্মিথ তাঁর ধারণ করা আলোকচিত্রের মাধ্যমে এমন এক দৃষ্টিভঙ্গি নির্মাণ করেন, যার মাধ্যমে একজন সাধারণ গ্রামীণ চিকিৎসকের নিত্যদিনের শ্রম রূপ নেয় মানবিক সহনশীলতার এক সর্বজনীন মহাকাব্যে। যেই কাব্য পাঠে আজও আমরা অনুপ্রাণিত হই, মুগ্ধ হই।

এই আলোকপ্রবন্ধে অবলম্বন করা হয়েছে কলোরাডোর ছোট শহর ক্রেমলিংয়ের চিকিৎসক ড. আর্নেস্ট সেরিয়ানির জীবন ও কর্ম। সেই সময় স্মিথের কাজের পদ্ধতি ছিল বিপ্লবাত্মক। সপ্তাহের পর সপ্তাহ তিনি সেরিয়ানির সঙ্গে বসবাস করেছেন, যতক্ষণ না ক্যামেরার উপস্থিতি চিকিৎসকের কাছে উপস্থিত আর দশটা উপাদানের মতো হয়ে ওঠে। স্মিথ কেবল ছবি তোলেননি, তিনি অনুসরণ করেছিলেন ‘ইমারশন জার্নালিজম’; যা সাংবাদিকতার এমন একটি ধারা, যেখানে একজন সাংবাদিক কোনো খবরের গভীরে পৌঁছানোর জন্য সংশ্লিষ্ট পরিবেশ বা ঘটনার মধ্যে দীর্ঘ সময় ধরে অবস্থান করেন। সাধারণ সাংবাদিকতায় সাংবাদিকেরা ঘটনার বাইরে থেকে তথ্য সংগ্রহ করেন, কিন্তু ইমারশন জার্নালিজমে তিনি নিজেই সেই অভিজ্ঞতার অংশ হয়ে যান।

Scroll to Top