
ঢাকা, ১৮ জানুয়ারি – নির্বাচন কমিশনের বিভিন্ন কার্যক্রমের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অনেক ক্ষেত্রেই কমিশন পক্ষপাতমূলক আচরণ করছে, যা সুষ্ঠু নির্বাচনের পথে বাধা হতে পারে। তবে তিনি আশা প্রকাশ করেন, দ্রুত ত্রুটিগুলো ঠিক করা গেলে এই কমিশনের অধীনেই সুষ্ঠু নির্বাচন সম্ভব।
রোববার (১৮ জানুয়ারি) বিকেল ৪টা ৪৫ মিনিটে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করতে নির্বাচন কমিশনে যান মির্জা ফখরুল ইসলাম। তার নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দলে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, উপদেষ্টা পরিষদের সদস্য ইসমাইল জবিউল্লাহ এবং ইসির সাবেক ভারপ্রাপ্ত সচিব মোহাম্মদ জকরিয়া। বৈঠক শেষে সন্ধ্যা ৬টার দিকে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ভোটারদের কাছে যেসব পোস্টাল ব্যালট পৌঁছেছে, সেগুলো ত্রুটিপূর্ণ। তার অভিযোগ, নির্দিষ্ট একটি দলকে সুবিধা দেওয়ার উদ্দেশ্যেই এসব ব্যালট তৈরি করা হয়েছে। তিনি দ্রুত প্রতীকসহ সঠিক ব্যালট পেপার সরবরাহের দাবি জানান। একই সঙ্গে ভোটারদের এনআইডি, বিকাশ নম্বর ও মোবাইল নম্বর সংগ্রহের বিষয়টির তীব্র সমালোচনা করে এর পেছনের উদ্দেশ্য নিয়েও সন্দেহ প্রকাশ করেন।
প্রচারণায় সমান সুযোগ নেই উল্লেখ করে তিনি বলেন, আচরণবিধি লঙ্ঘন করে একতরফাভাবে প্রচারণা চালানো হচ্ছে। এ বিষয়ে বারবার অভিযোগ জানানো হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। তিনি আরও বলেন, ঢাকার বিভিন্ন এলাকায় পরিকল্পিতভাবে ভোটার স্থানান্তর করা হয়েছে। কারা এবং কী কারণে এই স্থান পরিবর্তন করেছে, সে বিষয়ে পূর্ণাঙ্গ তালিকা কমিশনের কাছে চাওয়া হয়েছে।
নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, যেসব কর্মকর্তা পক্ষপাতমূলক আচরণ করছেন, তাদের বিরুদ্ধে তদন্ত করে দ্রুত ব্যবস্থা নিতে হবে। সব রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে এবং ব্যালট পেপারসহ নির্বাচন প্রক্রিয়ার সব ধরনের কারিগরি ত্রুটি দ্রুত সমাধান করতে হবে।
শেষে মির্জা ফখরুল বলেন, বিএনপি মনে করে এই কমিশনের অধীনেই সুষ্ঠু নির্বাচন করা সম্ভব, তবে এজন্য কমিশনকে নিজেদের ত্রুটিগুলো চিহ্নিত করে দ্রুত পদক্ষেপ নিতে হবে এবং নিরপেক্ষতা প্রমাণ করতে হবে।
এনএন/ ১৮ জানুয়ারি ২০২৬





