
ঢাকা, ১০ জানুয়ারি – রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য থাকলেও আলোচনার মাধ্যমে তা কমিয়ে আনার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, মতপার্থক্য যেন কখনোই মতবিরোধ বা সংঘাতের পর্যায়ে না যায়।
শনিবার (১০ জানুয়ারি) দুপুরে রাজধানীর বনানীতে হোটেল শেরাটনের হলরুমে গণমাধ্যমের সম্পাদকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, “আমাদের সমস্যা ছিল, এখনো আছে। কিন্তু আমরা ৫ আগস্টের আগের অবস্থায় ফিরে যেতে চাই না। প্রতিহিংসা ও প্রতিশোধের পরিণতি কী হতে পারে, তা দেশের মানুষ ৫ আগস্ট প্রত্যক্ষ করেছে। মতপার্থক্য থাকলেও আলোচনার মাধ্যমে তা কমিয়ে আনতে হবে।”
দেশের বিভিন্ন স্থানে সফরের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, নতুন প্রজন্ম দিকনির্দেশনা ও আশার সন্ধান করছে। শুধু নতুন প্রজন্ম নয়, সব প্রজন্মই রাজনীতিবিদদের কাছ থেকে একটি স্পষ্ট গাইডেন্স প্রত্যাশা করে।
তিনি আরও বলেন, “রাজনীতি যারা করেন, তাদের প্রতি মানুষের প্রত্যাশা অনেক। সব প্রত্যাশা পূরণ করা সম্ভব না হলেও, যদি রাজনীতিবিদরা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আন্তরিকভাবে কাজ করেন, তাহলে জাতিকে সঠিক পথে এগিয়ে নেওয়া সম্ভব।”
নারীদের নিরাপত্তা বিষয়ে এক নারী সাংবাদিকের প্রশ্নের জবাবে বিএনপির চেয়ারম্যান বলেন, “শুধু নারীর নয়, নারী-পুরুষ সবারই নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন।”
সড়ক দুর্ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, “গত বছর সড়ক দুর্ঘটনায় প্রায় সাত হাজার মানুষ নিহত হয়েছেন, যা অত্যন্ত উদ্বেগজনক। কোনো বছর কম, কোনো বছর বেশি—এমনটি কেন হচ্ছে, তা নিয়ে রাজনীতিবিদদের গভীরভাবে ভাবা উচিত।”
মতবিনিময় সভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদসহ দলের সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।
গণমাধ্যমের সম্পাদকদের মধ্যে উপস্থিত ছিলেন শফিক রেহমান, আবদুল হাই সিকদার, নুরুল কবির, মতিউর রহমান চৌধুরী, মাহমুদুর রহমান, আযম মীর, শাহিদুল হাসান, জহিরুল আলম, এম এ আজিজ, কাদের গণি চৌধুরী, হাসান হাফিজ, শহিদুল ইসলাম, খুরশীদ আলমসহ আরও অনেকে।
এনএন/ ১০ জানুয়ারি ২০২৬





