এই খবরটি পডকাস্টে শুনুনঃ
এএফবি লাতিন বাংলা সুপার কাপে অংশ নিতে মঙ্গলবার ঢাকায় পৌঁছেছে ব্রাজিলের সাও বের্নার্দো ফুটবল ক্লাব। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ব্রাজিলের ২৮ সদস্যের শক্তিশালী দলকে উষ্ণ অভ্যর্থনা দেন আয়োজকরা। পরে বিমানবন্দর থেকে দলকে নিয়ে যাওয়া হয় ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে।
বাংলাদেশে এসে নিজেদের উচ্ছ্বাসের কথা প্রকাশ করেছেন ক্লাবের কর্মকর্তারা। ব্রাজিলের টিম অর্গানাইজার থিয়াগো বলেছেন, ‘বাংলাদেশে আসতে পেরে আমরা দারুণ রোমাঞ্চিত। ব্রাজিল থেকে আমরা ভালো একটা দল নিয়ে এসেছি। আর্জেন্টিনা থেকেও আগামীকাল দারুণ একটা দল আসবে।’
দলটির কোচ লিওনার্দো সান্তোস বলেছেন, ‘প্রথমবারের মতো আমার দল ও আমি বাংলাদেশে এসেছি। আমাদের খুবই ভালো লাগছে। সাও বার্নার্দো ব্রাজিলের পুরাতন একটি ক্লাব। আমাদের যেসব তরুণ খেলোয়াড় রয়েছে তাদের নিয়ে একটা শক্তিশালী দল মাঠে দেখা যাবে।’
দলের এক ফুটবলার বলেছেন, ‘আমাদের ফুটবল শৈলী দেখানোর জন্য এখানে এসেছি। এখানে আসার আগে আমাদের অনুশীলন যথেষ্ট ভালো হয়েছে। বাংলাদেশের বিপক্ষে প্রথম ম্যাচের জন্য আমরা অপেক্ষায় আছি।’
টুর্নামেন্টের আয়োজক এএফ বক্সিং প্রমোশন ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক এমডি আসাদুজ্জামান এই দিনটির জন্য অপেক্ষায় ছিলেন। তিনি বলেছেন, ‘অনেকের মনে সংশয় ছিল টিম কিভাবে আসবে, কেন আসবে, আসতে পারবে কিনা। আলহামদুলিল্লাহ ব্রাজিল দল চলে এসেছে। আগামীকাল আর্জেন্টিনাও আসবে। সুপার কাপের শেষ ম্যাচের সময় ব্রাজিলের পুরো দলের সাথে যোগ দেবেন কিংবদন্তি ফুটবলার কাফু।’
বুধবার ঢাকায় পা রাখবে আর্জেন্টিনার অ্যাথলেটিকো চার্লোন ক্লাব দল। ব্রাজিল ও আর্জেন্টিনার এই দুই দলের সাথে খেলবে বাংলাদেশের রেড গ্রিন ফিউচার স্টার দল।



