এই খবরটি পডকাস্টে শুনুনঃ
ছেলেদের এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ ফুটবল বাছাইয়ে শুরুটা দারুণ করেছিল বাংলাদেশ। টানা চার ম্যাচে চার জয়ে স্বপ্ন অনেকটা এগিয়ে রেখেছিল কোচ গোলাম রব্বানি ছোটনের শিষ্যরা। শেষ ম্যাচে স্বাগতিক চীনের কাছে বড় ব্যবধানে হেরে স্বপ্নভঙ্গ হয়েছে। এএফসি এশিয়ান কাপে মূলপর্বে যাওয়া হল না নাজমুর হুদা ফয়সালদের। গ্রুপ চ্যাম্পিয়নরা খেলবে মূল আসরে। বাংলাদেশ হয়েছে রানার্সআপ।
চীনের টংলিয়াংলং স্টেডিয়ামে প্রথমার্ধে ২-০ গোলে পিছিয়ে ছিল বাংলাদেশ। গোল দুটি আসে স্বাগতিকদের শুয়াই ওয়েইহার থেকে। নবম এবং ৩৯ মিনিটে দুই গোল করেন তিনি। ওই ব্যবধানে পিছিয়ে বিরতিতে যায় অতিথিরা।
বিরতি থেকে ফিরেও ম্যাচের নিয়ন্ত্রণ নিতে পারেনি বাংলাদেশ। আরও দুই গোল হজম করে। ৫৩ মিনিটে হ্যাটট্রিক পূরণ করেন ওয়েইহা। চতুর্থ গোলটি করেন ঝাও। ৪-০ গোলে হেরে আসর শেষ করল বাংলাদেশ।
এশিয়ান কাপে মূলপর্বে যেতে শেষ ম্যাচে চীনের বিপক্ষে জয় দরকার ছিল। পাঁচ ম্যাচের সবকটিতে জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে আগামী বছর সৌদি আরবে মূলপর্বে জায়গা করে নিয়েছে চীন। পাঁচ ম্যাচে তাদের পয়েন্ট ১৫। পাঁচ ম্যাচে চারটি জিতে ১২ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্সআপ বাংলাদেশ।
গত শনিবার পূর্ব তিমুরকে ৫-০ গোলে হারিয়ে বাছাইয়ে যাত্রা করেছিল বাংলাদেশ। জোড়া গোল করেছিলেন মানিক। বাকি তিন গোল ছিল রিফাত কাজী, বায়েজিত বোস্তামি ও আকাশ আহমেদের।
দ্বিতীয় ম্যাচে ব্রুনাইকে আরও বড় ব্যবধানে হারিয়েছিল বাংলাদেশ, ৮-০ ছিল। জোড়া গোল করেছিলেন অপু রহমান ও রিফাত কাজি। একবার করে প্রতিপক্ষ জালে বল পাঠিয়েছিলেন নাজমুল হুদা ফয়সাল, মানিক, আরিফ এবং বায়েজিত বোস্তামি।
তৃতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে ৫-০ গোলে হারিয়ে দেন লাল-সবুজের যুবারা। দুটি গোল করেন অধিনায়ক নাজমুল হুদা ফয়সাল। একটি করে গোল এনে দেন ইকরামুল ইসলাম, মানিক, বায়েজিদ বোস্তামি।
চতুর্থ ম্যাচে শক্তিশালী বাহরাইনকে ২-১ গোলে হারিয়ে চারে চার করেছিল বাংলাদেশ। দুটি গোলের একটি করেছিলেন বায়েজিদ বোস্তামি ও অন্যটি মো. মানিক।




