Last Updated:
Bihar Oath Ceremony Date: বিহার বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছে মোদি-নীতীশের এনডিএ-জোট! এবার সরকার গঠনের পালা। সূত্রের খবর, সম্ভবত আগামী ২০ নভেম্বর বিহারের গান্ধি ময়দানে অনুষ্ঠিত হতে চলেছে বিহারের নবনির্বাচিত এনডিএ সরকারের শপথগ্রহণ অনুষ্ঠান।

পটনা: বিহার বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছে মোদি-নীতীশের এনডিএ-জোট! এবার সরকার গঠনের পালা। সূত্রের খবর, সম্ভবত আগামী ২০ নভেম্বর বিহারের গান্ধি ময়দানে অনুষ্ঠিত হতে চলেছে বিহারের নবনির্বাচিত এনডিএ সরকারের শপথগ্রহণ অনুষ্ঠান। এনডিএ-স্তরে খবর, খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একইসঙ্গে দিল্লির অন্যান্য প্রথম সারির এনডিএ নেতারাও এই মেগা শপথ গ্রহণ অনুষ্ঠানের সন্ধ্যায় উপস্থিত থাকবেন বলেই আশা করা হচ্ছে।
বিহার বিধানসভা নির্বাচনে এনডিএ রাজ্যের ২৪৩টি আসনের মধ্যে ২০২টি আসন জিতে কার্যত চমকপ্রদ ফল করেছে। জোটের দুটি প্রধান দল – বিজেপি এবং নীতীশ কুমারের জেডি(ইউ) যথাক্রমে ৮৯টি এবং ৮৫টি আসন জিতেছে।
অন্যদিকে, এনডিএ-র ঝোড়ো জয়ের সামনে কার্যত মুখ থুবড়ে পড়েছে তেজস্বী-রাহুলদের ‘মহাজোটবন্ধন’। আরজেডি মাত্র ২৫টি আসন পেয়েছে, কংগ্রেস ৬টিতে এসে থেকেছে এবং বামপন্থী দলগুলি সবমিলিয়ে মাত্র ৩টি আসন পেয়েছে। বিএসপি এবং আইআইপি একটি করে আসন পেয়েছে।
সূত্রের খবর, মুখ্যমন্ত্রী নীতীশ কুমার সোমবার মন্ত্রিসভার বৈঠক ডেকেছেন। ১৭তম বিধানসভা ভঙ্গের অনুমোদন নিয়ে রাজভবনে গিয়ে সোমবারই নীতীশ তাঁর ইস্তফা দেবেন— এমনটাই রাজনৈতিক মহলের জল্পনা। এরপরই এনডিএ আনুষ্ঠানিক ভাবে সরকার গঠনের দাবি জানাবে।
শপথ গ্রহণের প্রস্তুতিও জোরকদমে চলছে। পাটনার গান্ধি ময়দানে অনুষ্ঠান আয়োজনের কাজ শুরু হয়েছে। সূত্রের খবর, সম্ভবত আগামী ২০ নভেম্বর— প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কর্মসূচির উপর নির্ভর করে শপথ গ্রহণ হতে পারে। বিজেপি-শাসিত রাজ্যের একাধিক মুখ্যমন্ত্রীরও উপস্থিত থাকার কথা এই শপথ গ্রহণ অনুষ্ঠানে।
Kolkata,West Bengal
November 16, 2025 9:07 PM IST


