চার গুণীজনকে নিয়ে চ্যানেল আইয়ে বিশেষ আয়োজন | চ্যানেল আই অনলাইন

চার গুণীজনকে নিয়ে চ্যানেল আইয়ে বিশেষ আয়োজন | চ্যানেল আই অনলাইন

প্রখ্যাত কথাসাহিত্যিক, নাট্যকার ও নির্মাতা হুমায়ূন আহমেদের প্রয়াণ দিবস আজ (১৯ জুলাই)। একই দিনে কিংবদন্তী অভিনেত্রী কবরী, জনপ্রিয় অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেন এবং ‘মাসুদ রানা’র স্রষ্টা, প্রখ্যাত লেখক কাজী আনোয়ার হোসেনের জন্মদিন। চার গুণীকে স্মরণ ও শ্রদ্ধা জানাতে দিনব্যাপী বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করেছে চ্যানেল আই।

হুমায়ূন আহমেদ স্মরণে বিশেষ আয়োজন

হুমায়ূন আহমেদের প্রয়াণ দিবস উপলক্ষে রাত ১টা এবং সকাল ৯টা ৪৫ মিনিটে প্রচার হবে ‘তৃতীয় মাত্রা’র বিশেষ পর্ব। ফরিদুর রেজা সাগরের উপস্থাপনায় অনুষ্ঠানে অংশ নেবেন কবি হাসান হাফিজ, প্রকাশক মাজহারুল ইসলাম এবং অভিনেতা ডা. এজাজুর রহমান। তারা স্মৃতিচারণ করবেন নির্মাণের এই মহান কারিগরকে নিয়ে।

সকাল ৭টা ৪০ মিনিটে প্রচার হবে ‘গান দিয়ে শুরু’র বিশেষ পর্ব। আর দুপুর ৩টা ৫ মিনিটে দেখানো হবে হুমায়ূন আহমেদ পরিচালিত ইমপ্রেস টেলিফিল্মের চলচ্চিত্র ‘নন্দিত নরকে’।

কাজী আনোয়ার হোসেনকে নিয়ে তথ্যচিত্র

সন্ধ্যা ৬টায় প্রচার হবে ইফতেখার মুনিম পরিচালিত বিশেষ তথ্যচিত্র ‘রোমাঞ্চ লেখনীর জাদুকর: কাজী আনোয়ার হোসেন’। এতে উঠে আসবে জনপ্রিয় এই লেখকের জীবন, সাহিত্যকর্ম এবং ‘মাসুদ রানা’ সৃষ্টির গল্প।

কবরীকে স্মরণ

সন্ধ্যা ৬টা ২০ মিনিটে প্রচার হবে সিনিয়র সাংবাদিক আবদুর রহমানের উপস্থাপনায় বিশেষ অনুষ্ঠান ‘মোহময়ী কবরী’। অনুষ্ঠানে তুলে ধরা হবে বাংলা চলচ্চিত্রের কিংবদন্তী এই অভিনেত্রীর অভিনয়জীবন, ব্যক্তিজীবন এবং স্মরণীয় অবদান।

আফজাল হোসেনকে নিয়ে বিশেষ অনুষ্ঠান

রাত ৮টা ২০ মিনিটে প্রচার হবে কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলনের উপস্থাপনায় বিশেষ অনুষ্ঠান ‘যুবকদ্বয় আজ’। এ পর্বে অতিথি হিসেবে থাকবেন অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেন। তার দীর্ঘ অভিনয়জীবন, নির্মাণ ভাবনা এবং নানা অভিজ্ঞতা নিয়ে হবে প্রাণবন্ত আলাপচারিতা।

Scroll to Top