বন্যা-জলোচ্ছ্বাস প্রতিরোধে বাঁধ নির্মাণসহ বিভিন্ন পরিকল্পনা নিয়েছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী | চ্যানেল আই অনলাইন

বন্যা-জলোচ্ছ্বাস প্রতিরোধে বাঁধ নির্মাণসহ বিভিন্ন পরিকল্পনা নিয়েছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী | চ্যানেল আই অনলাইন

বন্যা ও জলোচ্ছ্বাসের ক্ষয়ক্ষতি কমাতে টেকসই বেড়িবাঁধ নির্মাণসহ বিভিন্ন দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকার হিসেবে দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানো সরকারের দায়িত্ব ও অঙ্গীকার।

শনিবার (১৮ জুলাই) বেলা সাড়ে ১১টায় কক্সবাজারের পেকুয়া উপজেলা মাঠে শামসুল হক ফাউন্ডেশনের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য ১০০টি ঘর নির্মাণকাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সবার আগে বাংলাদেশ, ক্ষমতার আগে জনগণ’ এই নীতিকে সামনে রেখেই সরকার কাজ করছে। মানুষের কল্যাণ নিশ্চিত করাই সরকারের রাজনীতির মূল লক্ষ্য।

তিনি জানান, শুধু ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য ঘর নির্মাণ নয়, বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষক, মৎস্যচাষি ও গবাদিপশুপালকদের জন্যও বিভিন্ন সহায়তা কর্মসূচি নেওয়া হয়েছে। যাদের কৃষিজমি, বীজতলা বা চারা ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের সার, বীজসহ প্রয়োজনীয় কৃষি উপকরণ দেওয়া হবে। একই সঙ্গে মৎস্য ও প্রাণিসম্পদ খাতের ক্ষয়ক্ষতি নিরূপণ করে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত স্কুল, কলেজ, মাদ্রাসা, সড়কসহ বিভিন্ন অবকাঠামো দ্রুত সংস্কারের উদ্যোগ নেওয়া হবে। সরকার সবসময় মানুষের পাশে থাকবে এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় কাজ করে যাবে বলেও তিনি উল্লেখ করেন। সরকার জনবান্ধব ও দরিদ্রবান্ধব নীতি অনুসরণ করছে, যাতে সাধারণ মানুষের জীবনযাত্রায় অতিরিক্ত চাপ সৃষ্টি না হয় এবং সরকারি সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া যায়।

Scroll to Top