সালাউদ্দিন-আশরাফুলকে নিয়ে যা বললেন শান্ত | চ্যানেল আই অনলাইন

সালাউদ্দিন-আশরাফুলকে নিয়ে যা বললেন শান্ত | চ্যানেল আই অনলাইন

আয়ারল্যান্ড সিরিজের পর বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সিনিয়র সহকারী কোচের দায়িত্ব থেকে সরে যাচ্ছেন মোহাম্মদ সালাউদ্দিন। পদত্যাগ পত্র বিসিবিতে জমা দিয়েছেন তিনি। সিরিজটির জন্য ব্যাটিং কোচ হিসেবে সাবেক ক্রিকেটার মোহাম্মদ আশরাফুলকে নিয়োগ দিয়েছে বোর্ড। সালাউদ্দিনের চলে যাওয়া এবং আশরাফুলের দায়িত্ব নেয়া নিয়ে কথা বলেছেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। 

দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে মঙ্গলবার মাঠে নামবে বাংলাদেশ ও আয়ারল্যান্ড। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টায় শুরু হবে খেলা। ম্যাচের আগেরদিন সংবাদ সম্মেলনে কথা বলেছেন শান্ত।

সালাউদ্দিনের চলে যাওয়া নিয়ে অধিনায়ক বলেছেন, ‘এটা তো আসলে পুরোপুরি উনার ব্যাক্তিগত সিদ্ধান্ত। প্রথমে উনি কি চিন্তা করে করেছে, দ্বিতীয়ত আমি বলব যে ক্রিকেট বোর্ডের সাথে উনার যোগাযোগ কতটুকু হচ্ছে এই বিষয়ে আমার আসলে ধারনা নেই। আসলে এটা ক্রিকেট বোর্ড এবং সালাউদ্দিন স্যার নিজে বলতে পারবেন আসলে তাদের কি আলোচনা হয়েছে বা কি অবস্থানে আছে।’

‘হ্যাঁ আমার সাথে ব্যক্তিগতভাবে কথা হয়েছে। আমি আশাবাদী যে ক্রিকেট বোর্ড এবং তার মধ্যে ভালো একটা আলোচনা হবে ভবিষ্যতে। কিন্তু যতদিন যতটুকু কাজ করেছি অনেক উপভোগ করেছি এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো স্যার প্রত্যেকটা ক্রিকেটারকে চেষ্টা করেন সমানভাবে দেখার এবং প্রত্যেকটা ক্রিকেটারকে ওইভাবে গুরুত্ব দেয়।’

সালাউদ্দিনের সাথে ক্রিকেটারদের সম্পর্ক ভালো ছিল বলে জানান শান্ত। বলেছেন, ‘বাইরে থেকে অনেক কিছু অনেক বেশি মনে হয়, যেটা আমরা সাধারণভাবেই শুনতেছি। আমি বলব, এর ভেতরে সবকিছু সত্য নয়। তাই আমরা ক্রিকেটার হিসেবে প্রত্যেকটা ক্রিকেটার খুশি ছিলাম (সালাউদ্দিনের সাথে)। সম্প্রতি যতগুলো সিরিজে আমি ছিলাম উপভোগ করেছি এবং আমি আমি বিশ্বাস করি যে উনি যতটুকু কাজ করেছেন খুবই ভালো কাজ করেছেন।’

অন্যদিকে নতুন ব্যাটিং কোচ আশরাফুলকে নিয়ে আশাবাদী বাংলাদেশ দল। শান্ত বলেছেন, ‘খুবই রোমাঞ্চিত আমরা সবাই। ওনার অভিজ্ঞতা, এত বছর ক্রিকেট খেলেছেন তারপর এখন কোচ হয়ে এসেছেন। টিভিতে খেলা দেখেছি আমরা, যখন উনি খেলতেন। ড্রেসিংরুম ওভাবে শেয়ার করার সুযোগ হয়নি। খেলোয়াড়রা সবাই উজ্জীবিত।’

‘কিন্তু খুবই কঠিন আসলে, আমরা যতটুকু জানি যে, এই সিরিজের জন্য এসছেন কতটুকু আসলে কাজ করতে পারবেন টেকনিক্যাল বিষয় নিয়ে। কিন্তু উনি উনার অভিজ্ঞতাটা যতটুকু সম্ভব ভাগাভাগি করছেন। আশা করি ওনার অভিজ্ঞতাটা আমাদের কাজে দিবে অনেক।’

Scroll to Top