যুদ্ধ পরিস্থিতির মধ্যেই ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের খুজেস্তান প্রদেশে রিখটার স্কেলে ৫ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে।
সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি, দেশটির রেড ক্রিসেন্ট সোসাইটির বরাত দিয়ে জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল খুজেস্তান প্রদেশের সালান্দ এলাকায়। এর কেন্দ্র ভূপৃষ্ঠের প্রায় ১২ কিলোমিটার গভীরে ছিল।
ভূমিকম্পের পর সম্ভাব্য ক্ষয়ক্ষতি ও হতাহতের তথ্য জানতে কেন্দ্রস্থলের আশপাশের কয়েকটি গ্রামে দুটি উদ্ধারকারী দল পাঠানো হয়েছে বলে জানিয়েছে ইরানিয়ান রেড ক্রিসেন্ট।
তবে সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর মেলেনি। পরিস্থিতি পর্যবেক্ষণে রেখেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।



