জাতিসংঘে আজ ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস | চ্যানেল আই অনলাইন

জাতিসংঘে আজ ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস শুক্রবার ২৬ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮০তম অধিবেশনে বক্তব্য রাখবেন।

শুক্রবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় তিনি ভাষণ দেবেন।

২০২৪ সালের আগস্টে প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণের পর এ নিয়ে দ্বিতীয়বার জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দিতে যাচ্ছেন তিনি।

প্রেসসচিব শফিকুল আলমের তথ্যমতে, ড. ইউনূস তার বক্তব্যে অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রম, অর্থনৈতিক পুনরুদ্ধারের অগ্রগতি, ২০২৪ সালের জুলাই মাসের গণঅভ্যুত্থানের চেতনা, আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের অঙ্গীকার এবং জুলাই হত্যাকাণ্ডের বিচার প্রসঙ্গ তুলে ধরবেন। এছাড়া রোহিঙ্গা সংকটও তার বক্তব্যে গুরুত্ব পাবে।

প্রেসসচিব জানান, বিশ্ব সম্প্রদায়ের প্রতি প্রধান বার্তা হবে, আগামী বছরের ১৫ ফেব্রুয়ারির মধ্যে বাংলাদেশে শান্তিপূর্ণ, বিশ্বাসযোগ্য এবং উৎসবমুখর জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।

জাতিসংঘের অধিবেশনের শুক্রবার সকালে প্রথম বক্তা থাকছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু। এরপর ধারাবাহিকভাবে ভাষণ দেবেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ, চীনের স্টেট কাউন্সিল প্রধান লি কিয়াং, সেইন্ট ভিনসেন্ট অ্যান্ড গ্রেনাডিনসের প্রধানমন্ত্রী রাফ গনজালভেজ, লুক্সেমবার্গের প্রধানমন্ত্রী লু ফ্রেইডেন, আয়ারল্যান্ডের টিশক মাইকেল মার্টিন, গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকোন্স মিতসোতাকিস, মাল্টার প্রধানমন্ত্রী রবার্ট আবেলা ও ভুটানের প্রধানমন্ত্রী শেইরং তোবগে। তাদের পরেই নির্ধারিত রয়েছে ড. ইউনূসের বক্তব্য।

Scroll to Top