মাদকের বিরুদ্ধে আওয়াজ তুলে ট্রোলের মুখে আলিয়া | চ্যানেল আই অনলাইন

মাদকের বিরুদ্ধে আওয়াজ তুলে ট্রোলের মুখে আলিয়া | চ্যানেল আই অনলাইন

মাদক সেবনের বিরুদ্ধে আওয়াজ তুলে নেটপাড়ায় ট্রোলের মুখে বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর বলিউডের মাদকযোগ নিয়ে কার্যত উথালপাতাল হয়েছিল পুরো ভারতে। দীপিকা পাডুকোন সহ বলিউডের নামীদামী অভিনেত্রীদের তলব করেছিল এনসিবি।

তবে মাদকবিরোধী প্রচারে এবার সেই নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোরই মুখ হলেন আলিয়া। এনসিবির চণ্ডিগড় বিভাগ সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় আলিয়ার একটি ভিডিও পোস্ট করে, যদিও পরবর্তীতে সেই ভিডিওর মন্তব্য বন্ধ করতে হয়েছে।

নোডাল ড্রাগ আইন প্রয়োগকারী সংস্থা তাদের টুইটার হ্যান্ডেলে আলিয়ার ভিডিওটি পোস্ট করেছিল। ভিডিওতে দেখা গেছে আলিয়া মানুষকে মাদক সেবন করতে বারণ করছে এবং তাদের মিশনে এনসিবিকে সমর্থন করতে আহ্বান জানাচ্ছেন।

এই ভিডিও নিমিষেই ১০ লক্ষাধিক মানুষের কাছে পৌঁছে যায়। ভিডিওর ক্যাপশনে লেখা হয়েছে, ‘#DrugsFreeBharat #NashaMuktBharat #azadifromdrugs’ হ্যাঁ, ড্রাগমুক্ত ভারতের ডাক দিয়েই আলিয়ার এই ভিডিও।

আলিয়া বলেন, ‘নমস্কার বন্ধুরা, আমি আলিয়া ভাট। মাদকাসক্তির মতো অত্যন্ত গুরুতর বিষয় নিয়ে আজ আমি কথা বলতে চাই, জানাতে চাই এটি কীভাবে আমাদের জীবন, সমাজ এবং জাতির জন্য বড় সমস্যা হয়ে উঠছে। মাদকের বিরুদ্ধে এই বিশেষ অভিযানে এনসিবিকে সমর্থন করুন। জীবনকে হ্যাঁ বলুন, মাদককে না বলুন। আপনি নীচে দেওয়া লিঙ্কে গিয়ে বা কিউআর কোডটি স্ক্যান করে ড্রাগের বিরুদ্ধে ই-শপথ নিতে পারেন এবং আপনি অবশ্যই এনসিবির এই উদ্যোগে যোগ দিতে পারেন। জয় হো।”

বর্তমানে বলিউডে সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীদের মধ্যে আলিয়া অন্যতম। তাকে শেষ দেখা গিয়েছিল ভাসান বালার ‘জিগরা’ ছবিতে। আগামিতে সঞ্জয় লীলা বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’ এবং যশরাজ ফিল্মসের ‘আলফা’তে দেখা যাবে তাকে। আলফা-তে প্রথমবার মহিলা গুপ্তচরের গল্প দেখবে দর্শক।- টাইমস অব ইন্ডিয়া

Scroll to Top