Last Updated:

অর্পণ মণ্ডল, সোনারপুর: সোনারপুর থানায় এক ঘণ্টার কাছাকাছি সময় ধরে জিজ্ঞাসাবাদ করা হল তৃণমূল ছাত্র পরিষদের সাসপেন্ডেড নেত্রী রাজন্যা হালদারকে। অভিযোগ, রাজন্যা নিজেই ইমেল মারফত সোনারপুর থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেন। সেই অভিযোগের ভিত্তিতেই পুলিশ তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য আইনি নোটিস পাঠায়। এ দিন নির্ধারিত সময় অনুযায়ী তিনি সোনারপুর থানায় হাজির হলে, এক মহিলা অফিসার তাঁকে জিজ্ঞাসাবাদ করেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাজন্যার অভিযোগের ভিত্তিতে তাঁকে একাধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন করা হয়। বিশেষ করে, তাঁর অভিযোগপত্রে উল্লিখিত ছবিগুলির উৎস কী, কীভাবে তিনি সেই ছবি পেয়েছিলেন, তা জানার চেষ্টা করে পুলিশ। এমন কি তাঁকে নির্দিষ্ট ইউআরএল (URL) লিঙ্ক দিতে বলা হয়। পুলিশের দাবি, এই তথ্য তদন্তের জন্য অত্যন্ত জরুরি।
যদিও জিজ্ঞাসাবাদ পর্ব শেষ হওয়ার পর রাজন্যা থানার বাইরে সংবাদমাধ্যমের সামনে মুখ খুলতে চাননি। তিনি সংক্ষেপে জানান, “এখন কিছু বলতে চাই না। পরে সব বলব।”
প্রসঙ্গত, দল থেকে সাসপেন্ড হওয়া রাজন্যা সোশ্যাল মিডিয়ায় একাধিক মন্তব্য ও পোস্টের জন্য খবরের শিরোনামে উঠে আসেন। কসবা আইন কলেজ কাণ্ডের পর পরই তাঁর এই বিস্ফোরক অভিযোগ ঘিরে শাসক দল তৃণমূল কংগ্রেসও অস্বস্তির মুখে পড়ে৷ রাজন্যা অভিযোগ করেছিলেন, এআই-এর সাহায্যে তাঁর নগ্ন ছবি তৈরি করে সেই ছবি তৃণমূল ছাত্র পরিষদের নেতাদের মোবাইলে ছড়িয়ে দেওয়া হয়েছিল৷ ইতিমধ্যেই রাজন্যার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েও জল্পনা ছড়িয়েছে৷ তিনি বিজেপিতে যোগ দিতে পারেন বলেই খবর৷
পুলিশ এই মুহূর্তে রাজন্যার দেওয়া তথ্য যাচাই করছে। প্রয়োজনে তাঁকে ফের জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলেও সূত্রের খবর।
Kolkata,West Bengal
July 15, 2025 10:01 PM IST



