দাম্পত্য জীবনের এক বছর কাটতে না কাটতেই সন্তান আসার খবর দেন তাঁরা। চলতি বছরের জানুয়ারিতে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের ছবিসহ ‘নতুন সদস্য আসছে’—এমন একটি পোস্ট দিয়েছিলেন সিদ্ধার্থ ও কিয়ারা। তার পর থেকেই তাঁদের অনুরাগীদের অপেক্ষা শুরু হয়।
মঙ্গলবার রাতেই সেই প্রতীক্ষার অবসান ঘটে। জানা গেছে, কিয়ারার নরমাল ডেলিভারি হয়েছে। সন্তান জন্মের সময় হাসপাতালে ছিলেন কিয়ারার বাবা ও স্বামী সিদ্ধার্থ। পরিবারের সদস্যদের মুখে হাসি, চোখে আবেগ—সব মিলিয়ে নতুন জীবনকে স্বাগত জানাতে প্রস্তুত ছিলেন সবাই।
মাত্র কয়েক দিন আগেই তাঁদের একটি হাসপাতালের বাইরে দেখা গিয়েছিল। ছাতার নিচে কিয়ারাকে সাবধানে নিয়ে যাচ্ছিলেন সিদ্ধার্থ। তাঁকে দেখে বোঝা যাচ্ছিল, সময় খুব কাছেই। ভিডিওটি মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। অনেকেই মনে করেছিলেন, যেকোনো সময় সুখবর আসতে পারে।



