Last Updated:
Swimming Academy: রাজ্য সরকারের নতুন উদ্যোগ। ইতিমধ্যেই বাংলার খেলাধুলার উন্নতিতে রাজ্য সরকার একাধিক উদ্যোগ নিয়েছে। এবার ভবিষ্যতের সাঁতারুদের তৈরি করতে একাডেমি করছে সরকার। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের ফুটবল, টেবিল টেনিস, তিরন্দাজির পরে এবার রাজ্য সরকার সুইমিং একাডেমি চালু করতে চলেছে।

কলকাতা: রাজ্য সরকারের নতুন উদ্যোগ। ইতিমধ্যেই বাংলার খেলাধুলার উন্নতিতে রাজ্য সরকার একাধিক উদ্যোগ নিয়েছে। এবার ভবিষ্যতের সাঁতারুদের তৈরি করতে একাডেমি করছে সরকার। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের ফুটবল, টেবিল টেনিস, তিরন্দাজির পরে এবার রাজ্য সরকার সুইমিং একাডেমি চালু করতে চলেছে।
পূর্ব কলকাতার বেলেঘাটার সুইমিং পুলেই হচ্ছে রাজ্য সরকারের প্রস্তাবিত সুইমিং একাডেমি। আন্তর্জাতিক মানের সুইমিং পুল, সঙ্গে একাডেমি তৈরির পরিকল্পনা ছিল রাজ্য সরকারের। সেই একাডেমি কোথায় হবে সেই নিয়ে দীর্ঘ আলোচনার পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অনেক ভাবনা-চিন্তার পরে বেলেঘাটা সুইমিং পুলেই রাজ্য সরকার পরিচালিত সুইমিং একাডেমি করার সিদ্ধান্ত হয়েছে। প্রসঙ্গত খড়দায় রাজ্য ফুটবল একাডেমি চলছে।
যুবভারতী ক্রীড়াঙ্গনে রয়েছে টেবিল টেনিস একাডেমি। ঝাড়গ্রামে রয়েছে তিরন্দাজি একাডেমি। রাজ্য সরকার পশ্চিমবঙ্গের ক্রীড়া প্রতিভাদের খুঁজে এবং তাঁদের গড়ে তোলার কাজ সঠিক পরিকাঠামোর মধ্যে দিয়ে করতে চায়। সেই লক্ষ্যেই একাডেমি তৈরির কাজ চলছে। সুইমিং পুল একাডেমিতে থাকবে আন্তর্জাতিক মানের ড্রেসিংরুম, মেডিক্যাল রুম, মিটিং রুম। প্রশিক্ষণের দায়িত্বে থাকবেন হাই প্রোফাইলের কোচ, সহকারী কোচ এবং ফিজিও, পুষ্টিবিদরা।
বেলেঘাটা সুইমিং পুলে নতুন পরিকাঠামো তৈরির ব্যাপারে রাজ্য সুইমিং একাডেমির সিইও প্রণয় মুখোপাধ্যায় জানিয়েছেন, “আমাদের রাজ্যে হাইপারফরম্যান্স সুইমিং পুল না থাকার অভিযোগ বহু দিনের। দিল্লির তালকাটোরা, বেঙ্গালুরুর মতো পরিকাঠামো নেই বলে সাঁতারুরা অভিযোগ করেন। সেই অভাব দূর করতেই বেলেঘাটা সুইমিং পুলে রাজ্য সুইমিং একাডেমি তৈরি করা হচ্ছে। যেখানে আন্তর্জাতিক মানের ব্যবস্থাপনা রাখা হবে।”
আপাতত আবাসিক একাডেমি করা না হলেও শীঘ্রই তা করা হবে বলে খবর। বেলেঘাটার সুইমিং পুলে ছয় লেনের যে পুল রয়েছে তা আরও উন্নত করা হবে। টাচপ্যাড লাগানো হবে। ঘড়ি থাকছে। শীঘ্রই তা চলে আসবে। এছাড়াও একটি ২৫মিটারের ওয়ার্ম আপ পুল তৈরির কাজ শীঘ্রই শুরু হবে বলে খবর। ডাইভিংয়ের ব্যবস্থা থাকলেও তা নতুনভাবে গড়ে তোলা হবে। সেটা হবে ফিনা দেওয়া মান মেনে ছয় লেনের। ইতিমধ্যেই পুলের জলে নিয়মিত ক্লোরিন ব্যবহার করার পাশাপাশি জলের স্বচ্ছতা ও মান বজায় রাখতে অন্যান্য রাসায়নিক ব্যবহার হচ্ছে। চারজন ওয়াটার অপারেটর রয়েছেন, তাঁরা জলের পরিস্রুতিকরণ থেকে মান বজায় রাখার বিষয়টি দেখছেন। সপ্তাহে তিনদিন সাকশন পাম্প ব্যবহার করা হচ্ছে জল। সব মিলিয়ে যেভাবে একটি আন্তর্জাতিক মানের সুইমিং পুলের রক্ষণাবেক্ষণ হয় তা করা হচ্ছে। আগামী দিনে জাতীয় পর্যায়ের সাঁতার প্রতিযোগিতা যাতে করা যায় তার পরিকাঠামোগত ব্যবস্থা তৈরি করা হচ্ছে। সব মিলিয়ে রাজ্যের নতুন এই উদ্যোগ নিয়ে আশায় বুক বাঁধছে রাজ্যের সাঁতার জগতের লোকেরা।
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
June 25, 2025 12:08 AM IST

